নগরীতে ‘আন্তর্জাতিক শিক্ষা মেলা’ শুরু
বিশ্বব্যাপী বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে স্থানীয় শিক্ষার্থীদের পরিচিত করে তুলতে, বৃহস্পতিবার নগরীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী আর্ন্তজাতিক শিক্ষা মেলা।
শিক্ষা প্রতিমন্ত্রী এএনএম এহসানুল হক মিলন নগরীর শেরাটন হোটেলে ‘ডিসকভার কোয়ালিটি এডুকেশন এক্সজিবিশন : ওয়ার্ল্ড অফ ডিফারেন্স’ শীর্ষক এই আর্ন্তজাতিক শিক্ষা মেলা-২০০৬’র উদ্বোধন করেন।
এসএস বিজনেস কর্পোরেশন আয়োজিত মেলায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা সেবা সংশ্লিষ্ট অন্য বিভিন্ন প্রতিষ্ঠান ৪০ টি স্টল স্থাপন করেছে।
পোল্যান্ড, ইউএস, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, মালোয়েশিয়া, সুইজারল্যান্ড, জার্মানী, আয়ারল্যান্ড, মনাকো, সাইপ্রাস, স্পেন, নেদারল্যান্ডস সহ বাংলাদেশের বিভিন্ন অংশগ্রহনকারী প্রতিষ্ঠান মেলায় শিক্ষার্থীদের কাছে, তাদের দেওয়া বিভিন্ন সুযোগ সুবিধা বিষয় উপস্থাপন করছে।
এহসানুল হক মিলন দেশের শিক্ষার গুনগত মানের অবনতির বিষয় উল্লেখ করে বলেন, ‘কিভাবে শিক্ষার গুনগত মান উন্নয়ন করা সম্ভব, সে বিষয়ে মালোয়েশিয়ার কাছে আমাদের শেখার আছে’।
তিনি আরো বলেন, আর্ন্তজাতিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে, দেশের জনশক্তিকে যথাযথভাবে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে। নারী ও কারিগরী শিক্ষা বিস্তারে প্রধানমন্ত্রীর ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে এবং এই খাতে সর্বোচ্চ বরাদ্দ রেখেছে।
অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি ডেমোক্রেসি ওয়াচের নির্বাহী পরিচালক তালেয়া রেহমান বলেন, ‘ প্রকৃত গণতন্ত্রের ভিত্তি হলো শিক্ষা। গণতন্ত্র কিভাবে কাজ করে তা বুঝতে হলে আমাদের মানসম্মত শিক্ষার প্রয়োজন রয়েছে।
মালেয়েশিয়ার হাই কমিশনার আব্দুল মালেক বিন আব্দুল আজিজও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
দৈনিক আমার দেশ সম্পাদক আমানুল্লা কবীর বিশেষ অতিথির ভাষণে, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ও শিক্ষক রাজনীতি নিষিদ্ধ করার আহবান জানিয়ে বলেন, রাজনীতিতে তাদের সংশ্লিষ্টতা গুনগত মানসম্পন্ন শিক্ষা প্রদানে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এসএস বিজনেস কর্পোরেশনের ব্যাবস্থাপনা পরিচালক সুমন তালুকদার।
