সাংবাদিকদের ওপর পুলিশি হামলা: সরকারের সাথে সফল আলোচনা শেষে সাংবাদিকদের আন্দোলন প্রত্যাহার
চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে গত রোববার (১৬ এপ্রিল) সাংবাদিকদের ওপর পুলিশের বর্বর হামলার ঘটনার প্রতিবাদে সাংবাদিক সংগঠনগুলোর সংবাদ বয়কটসহ চলমান প্রতিবাদ কর্মসূচী প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সরকারের সাথে ফলপ্রসূ আলোচনা শেষে বৃহস্পতিবার আন্দোলন কর্মসূচী প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
পুলিশি হামলায় সে সময় অন্ততপক্ষে ২০ জন সাংবাদিক আহত হন, আর তখন থেকেই চলছিল অচলাবস্থা। স্বরাষ্ট্রমন্ত্রনালয়ে বৃহস্পতিবার সরকারের সাথে সাংবাদিক নেতৃবৃন্দের সফল আলোচনায় উভয় পক্ষই অচলাবস্থা নিরসনে ঐকমত্যে পৌঁছালে আন্দোলন প্রত্যাহারের পথ সুগম হয়।
হামলার প্রতিবাদে ক্রীড়া সাংবাদিকরা বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট সিরিজ বয়কট করে আসছিলেন।
সরকারের সাথে আলোচনায় পুলিশি হামলার ঘটনা তদন্তে একজন জেলা ও দায়রা জজকে প্রধান করে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহিত হয়। তাছাড়া আহত সাংবাদিকদের চিকিৎসা ও ক্ষতিপূরণ প্রদানের জন্য তথ্য মন্ত্রনালয়, ক্রীড়া মন্ত্রনালয় এবং সাংবাদিক সংগঠনের সাত জন প্রতিনিধি নিয়ে আরেকটি কমিটি গঠিত হবে। বিচার বিভাগীয় তদন্ত কমিটি এবং সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠনের যথাক্রমে ১৫ ও দশ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন।
বৃহস্পতিবারের আলোচনায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান, তথ্য উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, সাংবাদিক নেতৃবৃন্দ ইকবাল সোবহান চৌধুরী, মঞ্জুরুল আহসান বুলবুল, মোজাম্মেল হক, রুহুল আমিন গাজী, আলতাফ মাহমুদ এবং এলাহী নেওয়াজ খান অংশগ্রহন করেন।
পরে মন্ত্রী এবং সাংবাদিক নেতৃবৃন্দ এক যৌথ প্রেস ব্রিফিংয়ে বৈঠকে আলোচিত বিষয় সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।
ব্রিফিংয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর পুলিশি হামলার নিন্দা জানিয়ে সরকারের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করেন। প্রতিমন্ত্রী বলেন, ঘটনার তদন্তে বিচার বিভাগীয় কমিটি গঠন এবং কমিটির রিপোর্টের ভিত্তিতে দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।
তিনি আরও বলেন, কমিটির রিপোর্টের ভিত্তিতেই আহত সাংবাদিকদের জন্য চিকিৎসা এবং ক্ষতিপূরণ প্রদান করা হবে।
অপর একটি সূত্র জানিয়েছে, সরকারের সাথে আলোচনায় সাংবাদিকদের পক্ষ থেকে দোষী পুলিশ সদস্যদের শাস্তি প্রদান এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা ও ক্ষতিপুরনের দাবিসহ তিন দফা দাবি পেশ করা হয়।
বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টস (বিএফইউজে) মহাসচিব মঞ্জুরুল আহসান বুলবুল জানান, বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদন যেহেতু সংবাদপত্রে প্রকাশিত হবে তাই জনগণও প্রতিবেদনের বিস্তারিত জানার সুযোগ পাবে।
ব্রিফিংয়ের এক পর্যায়ে অপেক্ষমান সাংবাদিকরা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে প্রশ্ন করতে চাইলে বিএফইউজের একাংশের নেতা রুহুল আমিন গাজী বাধা প্রদান করেন।
