রাজশাহীর বাঘায় এক পরিবারের ৩ জনকে গুলি করে হত্যা
রাজশাহীর বাঘায় সন্ত্রাসীরা একই পরিবারের তিনজনকে গুলি করে হত্যা করেছে। উপজেলার ফতেপুর চরে বুধবার রাতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- বাঘা থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক স্বপনের ভাই রিপন (২০) এবং তার দুই চাচা মজির উদ্দিন (৬০) এবং আ. লতিফ (৩৬)।
এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় নিহত লতিফের দুই কন্যা শিল্পী ও আদরী। তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাবা ও চাচাকে রক্ষা করতে গিয়ে তারা গুলিবিদ্ধ হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত ও আহত সকলেই বাঘার গড়গড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা নজরুল ইসলামের পরিবারের সদস্য। নিরাপত্তার কারণে নজরুল ইসলাম বাঘা উপজেলা সদরে বাস করলেও পরিবারের অন্য সদস্যরা ফতেপুর চরের নিজ গ্রামে বসবাস করত।
স্থানীয় সূত্র জানায়, রাজশাহীর বাঘা, নাটোরের লালপুর এবং কুষ্টিয়ার মধ্যবর্তী পদ্মা নদীর চর দখলকে কেন্দ্র করে, সেখানে দীর্ঘ দিন ধরেই পান্না ও ললচাঁন বাহিনী তা-ব চালিয়ে আসছে। এই বাহিনীর সদস্যদের হাতে গত কয়েক বছরে এলাকার অনেককেই প্রাণ দিতে হয়েছে।
পুলিশ জানায়, পান্না বাহিনীর বিরুদ্ধে অবস্থান নেয়ার কারণে ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম এলাকাছাড়া। আর এর জের ধরেই বুধবার রাতে তার পরিবারের তিন সদস্যকে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে। বুধবার রাত ৯টার দিকে ২০/২৫ জনের একদল সন্ত্রাসী বাড়িতে প্রবেশ করে হামলা চালায়। রাতের আহার গ্রহণরত অবস্থায় সন্ত্রাসীরা নিহত ও আহতদের ওপর গুলিবর্ষণ করে।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
