সাংবাদিকদের ওপর পুলিশি হামলার তদন্তের দাবিতে প্রধানমন্ত্রীকে এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের চিঠি
চট্টগ্রাম স্টেডিয়ামে সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলার বিচার বিভাগীয় এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে হংকং ভিত্তিক মানবাধিকার সংগঠন এশিয়ান হিউম্যান রাইটস কমিশন (এএইচআরসি)।
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে প্রেরিত এক চিঠিতে বুধবার সংগঠনটি এ আবেদন জানায়।
চিঠিতে তদন্ত চলাকালেই দোষী পুলিশ সদস্যদের সাময়িকভাবে বরখাস্ত করার অনুরোধ রাখা হয়েছে।
এএইচআরসি’র জরুরি আবেদন কর্মসূচির সমন্বয়ক কেট হার্স্ট স্বাক্ষরিত চিঠিতে পুলিশি নিপীড়নের শিকার সাংবাদিকদের নিরাপত্তা বিধান, তাদের চিকিৎসা ও যন্ত্রপাতির জন্য ক্ষতিপূরণবাবদ অর্থ বরাদ্দের বিষয়টি গুরুত্বের সাথে উল্লিখিত হয়েছে।
চিঠিতে বলা হয়, অভিযুক্ত পুলিশ সদস্যদের অপরাধ প্রমাণিত হলে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।
এএইচআরসি মনে করে, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার (বন্দর অঞ্চল) আলী আকবর খান, সংশ্লিষ্ট অঞ্চলের সার্জেন্ট আনওয়ার সাত্তারসহ আরও ২৫ পুলিশ সদস্য এ অপরাধের সাথে জড়িত।
প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছির হোসেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী, পুলিশের ইন্সপেক্টর জেনারেল আব্দুল কাইয়ূম, সিএমপি কশিশনার এমএ মাজেদুল হক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ বিভাগের যুগ্মসচিব আনোয়ারুল করিম এবং ইউএনসিএইচআর-ইউনগ, সুইডেনের ‘কোয়েশ্চেন অফ টর্চার’ এর বিশেষ র্যাপোর্টার অধ্যাপক ম্যানফ্রেড নোয়াকের কাছে প্রধানমন্ত্রীর বরাবরে প্রেরিত চিঠির কপি পাঠানো হয়েছে।
চিঠিতে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে ১৬ এপ্রিল সাংবাদিকদের ওপর পুলিশি হামলার পুরো ঘটনাটি সবিস্তারে উপস্থাপন করা হয়েছে।
এছাড়াও এতে আহত সাংবাদিকদের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন, প্রথম আলোর শাহ শামসুল হক টেঙ্কু, আরটিভি’র মাহমুদুল হাসান শামীম, যুগান্তরের সাইদুল রহমান শামীম, আমার দেশের সাইদুজ্জামান, আজকালের জহুরুল হক, আজকের কাগজের রবি শঙ্কর, যায়যায়দিনের রুহুল আমিন রানা, পূর্বকোণের অনুরূপ টিটো, আরটিভির সাজেদুল আলম তুহিন, খবরপত্রের অভিজিৎ বণিক, নয়া দিগন্তের উজ্জ্বল ধর, সমকালের রাজেশ চক্রবর্তী, ইনডিপেনডেন্টের জাহিদ হোসেন, বিডিনিউজের আবু রায়হান, সংগ্রামের জাফর ইকবাল ও গ্রামীণ ফোনের মন্টি।
