২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক নির্যাতনের ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠন করতে হাইকোর্টের রুল জারি

বন্দরনগরী চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন বিভাগীয় স্টেডিয়ামে কর্তব্যরত সাংবাদিকদের ওপর পুলিশি হামলার ঘটনা তদন্তে কেন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করতে সরকারকে নির্দেশ দেওয়া হবে না এবং হামলার জন্যে দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কেন বিভাগীয় পদক্ষেপ গ্রহণ করা হবে না তার কারণ দর্শাতে হাইকোর্ট বুধবার সরকারের ওপর রুল নিশি জারি করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2006, 08:51 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

১৬ এপ্রিল বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার চলতি টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনের খেলা শুরুর আগে ও মধ্যাহ্নভোজের বিরতির সময় কর্তব্যরত সাংবাদিকদের ওপর পুলিশ এ বর্বরোচিত হামলা চালায়।

বিচারপতি আওলাদ আলী ও বিচারপতি জিনাত আরার সমন্বয়ে গঠিত হাইকোর্টের এক ডিভিশন বেঞ্চ বুধবার শুনানির পর সরকারের ওপর এ রুল নিশি জারি করেন।

স্বরাষ্ট্রসচিব, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার ও উপকমিশনার এবং সিএমপি’র উপকমিশনারকে (বন্দর) রিট আবেদনে বিবাদী করা হয়েছে। তাদেরকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

হাইকোর্টের আইনজীবী ও রিয়ালাইজেশন অব হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্র্যাটাইজেশন প্রজেক্ট অব বাংলাদেশের (আরএইচআরডিপিবি) নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলী এবং বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি (বিএনডব্লিউএলএ) মঙ্গলবার জনস্বার্থে রিট মামলাটি দায়ের করেন।

রিট আবেদনকারীর কৌসুলি অ্যাডভোকেট ফওজিয়া করিম আদালতকে জানান, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে ১৬ এপ্রিল টেস্ট ম্যাচ চলাকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (বন্দর) আলী আকবর খানের নেতৃত্বে পুলিশের হামলায় কমপক্ষে ২০ জন সাংবাদিক আহত হয়েছেন।

আবেদনে বলা হয়, পুলিশের হামলার ঘটনা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বরং ক্রমে ক্রমে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদের শিকার হয়ে যাওয়া সাধারণ জনগণের ওপর তাদের ধারাবাহিক নির্যাতন, তা-ব ও সন্ত্রাসবাদেরই একটি অংশ।

অ্যাডভোকেট সীমা জহুর, অ্যাডভোকেট খন্দকার আমিনুল হক এবং অ্যাডভোকেট আব্দুল মালেকের সহযোগিতায় অ্যাডভোকেট ফৌজিয়া করিম আদালতে মামলা পরিচালনা করেন।