চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনে সরকারের প্রতি হাইকোর্টের রুল জারি
চট্টগ্রামে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট ম্যাচ চলাকালে কর্তব্যরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনার তদন্তে কেন বিচার বিভাগীয় গঠন ও দোষী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, এ ব্যাপারে দুই সপ্তাহের মধ্যে কারণ দর্শাতে সরকারের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট।
হামলাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিচার বিভাগীয় তদন্ত করতে মঙ্গলবার হাইকোর্টে দায়ের করা একটি আবেদনের শুনানী শেষে বুধবার বিচারপতি আওলাদ আলী ও বিচারপতি জিনাত আরার সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ রুল জারি করেন।
রিয়ালাইজেশন অব হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্র্যাটাইজেশন প্রজেক্ট’র (আরএইচআরডিপিবি) নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলী এবং জাতীয় মহিলা আইনজীবী সমিতি (বিএনডব্লিউএলএ) মঙ্গলবার জনস্বার্থে এ রিটটি দায়ের করেন।
আবেদনকারির পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট ফওজিয়া করিম ফিরোজ। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট সীমা জহির, অ্যাডভোকেট খন্দকার আমিনুল হক ও অ্যাডভোকেট আব্দুল মালেক।
বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে ম্যাচ চলাকালে সাংবাদিক নির্যাতনে ঘটনার তদন্তে হাইকোর্টের একজন বিচারককে প্রধান করে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনে বিবাদীদের নির্দেশ প্রদানের জন্যে রিট আবেদনকারী আদালতের কাছে প্রার্থনা জানান।
এছাড়া আবেদনকারী সাংবাদিক নির্যাতনের ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ব্যবস্থা গ্রহণে স্বরাষ্ট্রসচিব ও আইজিপিকে নির্দেশ দিতেও আদালতের প্রতি প্রার্থনা জানান।
রিট আবেদনে বলা হয়, সিএমপি’র ডিসির (বন্দর) নেতৃত্বে পুলিশ সাংবাদিকদের ওপর হামলা চালিয়ে কমপক্ষে ২০ জনকে আহত করে।
আবেদনে বলা হয়, পুলিশের হামলার ঘটনা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বরং ক্রমে ক্রমে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদের শিকার হয়ে যাওয়া সাধারণ জনগণের ওপর তাদের ধারাবাহিক নির্যাতন, তা-ব ও সন্ত্রাসবাদেরই একটি অংশ।
