চট্টগ্রামে সাংবাদিকদের ওপর ১৬ এপ্রিলের পুলিশি হামলার বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়ের
বন্দরনগরী চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা শুরুর আগে ও মধ্যাহ্নভোজের বিরতির সময় কর্তব্যরত সাংবাদিকদের ওপর হামলাকারী পুলিশ কর্মকর্তা ও সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিচার বিভাগীয় তদন্ত করতে মঙ্গলবার হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।
বিচারপতি আউলাদ আলী ও বিচারপতি জিনাত আরার সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ বুধবার রিট আবেদনের শুনানি শুনবেন।
হাইকোর্টের আইনজীবী ও রিয়ালাইজেশন অব হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্র্যাটাইজেশন প্রজেক্ট অব বাংলাদেশের (আরএইচআরডিপিবি) নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলী এবং বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি (বিএনডব্লিউএলএ) মঙ্গলবার জনস্বার্থে রিট মামলাটি দায়ের করেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার ও ডেপুটি কমিশনার এবং সিএমপি’র ডেপুটি কমিশনারকে (বন্দর) রিট আবেদনে বিবাদী করা হয়েছে।
বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে ম্যাচ চলাকালে সাংবাদিক নির্যাতনে ঘটনার তদন্তে হাইকোর্টের একজন বিচারককে প্রধান করে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনে বিবাদীদের নির্দেশ প্রদানের জন্যে রিট আবেদনকারী আদালতের কাছে প্রার্থনা জানান। এছাড়া আবেদনকারী সাংবাদিক নির্যাতনের ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ব্যবস্থা গ্রহণে স্বরাষ্ট্রসচিব ও আইজিপিকে নির্দেশ দিতেও আদালতের প্রতি প্রার্থনা জানান।
রিট আবেদনে বলা হয়, সিএমপি’র ডিসির (বন্দর) নেতৃত্বে পুলিশ সাংবাদিকদের ওপর হামলা চালিয়ে কমপক্ষে ২০ জনকে আহত করে।
আবেদনে বলা হয়, পুলিশের হামলার ঘটনা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বরং ক্রমে ক্রমে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদের শিকার হয়ে যাওয়া সাধারণ জনগণের ওপর তাদের ধারাবাহিক নির্যাতন, তা-ব ও সন্ত্রাসবাদেরই একটি অংশ।
