জাতিসংঘ জনসংখ্যা পুরস্কার পেয়েছেন বাংলাদেশী চিকিৎসক
বাংলাদেশের একজন পরিবার পরিকল্পনা বিষয়ক চিকিৎসক ও হাইতির একটি প্রজনন স্বাস্থ্য সংস্থা চলতি বছরের জাতিসংঘ জনসংখ্যা পুরস্কার লাভ করেছে। জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) বৃহস্পতিবার এ খবর জানিয়েছে।
প্রোগ্রাম ফর অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি ইন হেলথের পরিচালক পর্ষদের প্রধান ও বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির মহাপরিচালক ড. হালিদা হানুন আখতার এ পুরস্কার লাভ করেন।
১৯৮৬ সালে ড. আখতার ইনস্টিটিউট অব রিসার্চ ফর প্রোমোশন অব এসেনসিয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড টেকনোলজিস প্রতিষ্ঠা করেন। কর্মজীবনে তিনি ফোর্ড ফাউন্ডেশন, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এবং বিশ্বব্যাংকের হয়ে কাজ করেছেন।
ঢাকা মেডিক্যাল কলেজ থেকে øাতক ডিগ্রি লাভ করা হালিদা আখতার পরবর্তীতে ঢাকার কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জন্স থেকে অবস্টেরিক্স অ্যান্ড গাইনোকলোজির ওপর মাস্টার্স ডিগ্রি লাভ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়েও তিনি লেখাপড়া করেছেন।
পুরস্কার জয়ী হাইতির প্রজনন স্বাস্থ্য সংস্থাটির নাম দ্যা ফাউন্ডেশন পোর লা সান্তে রিপ্রোডাক্টিভ অ্যান্ড এডুকেশন ফ্যামিলি। প্রতিষ্ঠানটি ১৯৮৮ সাল থেকে প্রজনন স্বাস্থ্য, এইচআইভি/ এইডসের ওপর কাজ করছে।
মানুষের স্বাস্থ্য ও কল্যাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ জাতিসংঘ জনসংখ্যা তহবিল প্রতি বছর একজন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করে থাকে।
