বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবর রাষ্ট্রীয় মর্যাদায় গ্রহণ ও দাফনের দাবি
সিটিজেন্স রাইটস মুভমেন্ট বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমানের কবর রাষ্ট্রীয় মর্যাদার সাথে গ্রহণ ও যথাযোগ্য মর্যাদায় দাফনের দাবিতে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে সমাবেশ ও মানববন্ধন করেছে।
সমাবেশে বক্তারা বলেন, জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে দেশে ফিরিয়ে আনতে অনেক আগেই উদ্যোগ নেয়া উচিৎ ছিল।
নিহত মতিউর রহমানের স্ত্রী মিলি রহমান ও নাগরিক অধিকার আন্দোলনের আবেদনের প্রতি সাড়া দেওয়ায় বক্তারা প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান।
রাজধানীর কোনো এক সংযোগস্থলের মুক্ত এলাকায় মতিউর রহমানকে দাফন করতে সমাবেশে উপস্থিত বক্তারা দাবি জানান।
তৎকালীন পাকিস্তানি সামরিক জান্তা বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করে প্রায় অবহেলা ও অমর্যাদার সাথে তাকে করাচির মাশরুর বিমান ঘাঁটিতে দাফন করে।
নাগরিক অধিকার আন্দোলনের কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে সমাবেশে অন্যান্যের মধ্যে সাবেক সচিব ও নাগরিক অধিকার আন্দোলনের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোরশেদ, কর্মকুটির ফাউন্ডেশনের আহ্বায়ক ও নির্বাহী পরিচালক তুষার রেহমান, সিপিবি নেতা মুজাহিদুল ইসলাম সেলিম, প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল, অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, বীরশ্রেষ্ঠ মতিউরের বোন ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি জাহানারা আলম, মতিউরের স্ত্রী মিলি রহমান, অধ্যাপক মুনতাসির মামুন এবং অধ্যাপক মেজবাহ কামাল উপস্থিত ছিলেন।
সমাবেশ ও মানববন্ধন শেষে একটি মৌন মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি চারুকলা থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
