নীলফামারীতে পৃথক ঘটনায় ৪ জনের মৃত্যু
নীলফামারীতে শনিবার পৃথক ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। জেলার ডোমার ও জলঢাকা উপজেলায় শনিবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
ডোমারের বামুনিয়ার বারোবিশা গ্রামে বাড়ির পাশে পুকুরে ডুবে বাবু নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। পুকুর পাড়ে খেলার সময় শনিবার সকালে সবার অজান্তে সে পানিতে ঢুবে মারা যায়। বাবু ওই গ্রামের কৃষক নূরন্নবীর ছেলে বলে জানা গেছে।
অপর ঘটনাটি ঘটেছে জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের আরাজি কাঠালি গ্রামে। দুপুরে গ্রামের ২০/২২টি শিশু তিস্তা সেচপ্রকল্পের ক্যানেলের পানিতে খেলতে নামে। খেলা শেষে সবাই বাড়ি ফিরে গেলেও মৃত মোকছেদ আলীর ছেলে ময়েনকে (৯) বাড়িতে না ফেরায় সবাই খোঁজাখুঁজি শুরু করে। দু’ঘন্টা পর তার লাশ ভেসে ওঠে।
এদিকে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে শনিবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজু (৪০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার ডোমার উপজেলার নিজভোগডাবুড়ি গ্রামে। নিহত কৃষক ওই গ্রামের নইমুদ্দিনের ছেলে। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করেছে।
নীলফামারী থানা পুলিশ শনিবার সকালে রাস্তার ধারে পড়ে থাকা এক নবজাতকের লাশ উদ্ধার করে। নীলফামারী - সৈয়দপুর সড়কের ঢেলাপীর নামক স্থানে ওই নবজাতকের লাশ পড়ে ছিলো। পুলিশ ধারণা করছে জন্মের পর শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করে ফেলে রাখা হয়। দুপুরে নীলফামারী মর্গে লাশটির ময়নাতদন্ত করা হয়।
