২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ১৩ জেএমবি ক্যাডারের জামিন লাভ, ২ জনকে জেলহাজতে প্রেরণ

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) অপারেশনাল কমান্ডার সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের নেতৃত্বে রাজশাহীর বাগমারায় অভিযানকালে লুটপাট, বাড়ি ভাংচুর ও চাঞ্চল্যকর নারী ও শিশু অপহরণের অভিযোগের প্রেক্ষিতে দায়েরকৃত মামলায় গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৩ জন জেএমবি ক্যাডারকে বুধবার আদালত জামিন দিয়েছেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2006, 09:37 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

রাজশাহীর প্রথম শ্রেণীর ‘গ’ অঞ্চল আদালতের ম্যাজিস্ট্রেট ড. জুলিয়া মঈন শুনানির পর ১৩ জেএমবি ক্যাডারের জামিন মঞ্জুর করেন। জামিনপ্রাপ্তরা হলো - বাগমারার রায়াপুর গ্রামের আবুল মেম্বার, জালাল মৃধা, হান্নান, মান্নান, বয়েন উদ্দিন, আবুল কাশেম, আকবর, আতাব, আজাহার, আকবর আলী, জালাল, শহীদুল এবং কালুপাড়া গ্রামের মমতাজ গাড়োয়ান।

একই মামলায় অপর দুই জেএমবি ক্যাডার মমতাজ সরকার ও গফুর কুঞ্জারের জামিনের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, ২০০৪ সালে বাংলা ভাইয়ের বাগমারা অভিযানের সময় রায়াপুর গ্রামের বারিকের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় ১৩ এপ্রিল বাংলা ভাই তার ক্যাডারদের নিয়ে বারিকের বাড়িতে যায়। তাকে না পেয়ে ক্যাডাররা তার স্ত্রী শাফিনুর নাহার, মা রহিমা বেগম ও মেয়ে সূবর্ণাকে গৃহবন্দি করে রাখে।

বন্দি অবস্থায় থাকার পর শাফিনুর তার মেয়ে ও শাশুড়ীকে নিয়ে ১৯ মে গ্রাম ছেড়ে পালিয়ে যায়। ২৬ জুন শাফিনুর তার মেয়েকে নিয়ে বাড়ি দেখতে গেলে বাংলা ভাইয়ের ক্যাডাররা তাদের অপহরণ করে নিয়ে যায়। পরে ওই দিনই পুলিশ বাংলা ভাইয়ের হামিরকুৎসা ক্যাম্প থেকে তাদের উদ্ধার করে।

এ ঘটনায় শাফিনুর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। পরে তিনি ২৯ জুন আদালতে মামলা করেন।