২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় র্যাবের ক্রসফায়ারে চরমপন্থি নেতা নিহত

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের পুটিমারী জোড়া বটতলা এলাকায় বুধবার ভোরে র্যাবের ক্রসফায়ারে পূর্ব বাংলা চরমপন্থি দল (এমএল)’র এক আঞ্চলিক নেতা নিহত হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2006, 12:43 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

নিহত আঞ্চলিক নেতার নাম শহীদুল ইসলাম ওরফে কেহেরমান (৪৫)। সে দিঘলিয়া উপজেলার বারইপাড়া গ্রামের বারেক মৃধার ছেলে।

র্যাব জানায়, কেহেরমানকে দিঘলিয়া উপজেলার বাড়ইপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে সোমবার বিকেলে গ্রেপ্তার করা হয়।

র্যাবের কাছে শহীদুল তার অস্ত্র ভাণ্ডার এবং সহযোগী সম্পর্কে ব্যাপক তথ্য দেয়। তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী র্যাব তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য পুটিমারী জোড়া বটতলা এলাকায় পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা শহীদুলের সহযোগিরা র্যাবকে লক্ষ্য করে গুলি করে।

এসময় র্যাবও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের গুলি বিনিময়ের সময় শহীদুল র্যাবের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

শহীদুলের লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

র্যাব ঘটনাস্থল থেকে একটি দেশী পাইপগান, একটি বন্দুক, তিন রাউন্ড রাইফেলের গুলি, দুই রাউন্ড রিভলবারের গুলি উদ্ধার করেছে।

র্যাব জানায়, শহীদুলের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি এবং অপহরণসহ এক ডজনেরও বেশি মামলা রয়েছে।