কানসাটে হরতালের ৪র্থ দিন: টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ, গ্রেপ্তার, ২য় লিড
কানসাটে লাগাতার হরতালের চতুর্থদিন সোমবার অতিবাহিত হয়েছে সহিংসতার মধ্য দিয়ে। পুলিশ চাঁপাই-সোনামসজিদ সড়কের ব্যারিকেড সরানোর চেষ্টা করলেও জনরোষের মুখে পিছু হটে। এসময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।
এদিকে সন্ধ্যা ৬.৩০মিঃ এর দিকে কানসাট বাজারে বিভিন্ন অলিগলি থেকে আন্দোলোন কারি জনতা পুলিশের উপর হামলা চালালে পুলিশ গত দুই দিনের নেয়া অবস্থান থেকে পিছু হটে আসে । এর আগে সংর্ঘষ চলাকালে পুলিশ ধোবড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে বিসারত আলী বিশুসহ ৯ জনকে আটক করে।
আন্দোলোনকারী বিক্ষুব্ধ জনতা সংর্ঘষের সময় পুলিশ বহনকারী ২টি ট্রাক ও ৩টি পিকআপ ভাংচুর করে।
সংঘাত এড়াতে প্রশাসনের জারিকৃত ১৪৪ ধারার মধ্যে পুলিশ ও বিডিআরের কঠোর অবস্থানের কারণে কানসাট এলাকা কার্যত কারফিউয়ের মত পরিস্থিতি সৃষ্টি হয়।
এদিকে আগে স্থানীয় বেকির মোড় থেকে কানসাট বাজার পর্যন্ত জারি করা ১৪৪ ধারার এলাকা বাড়িয়ে সোনামসজিদ স্থল বন্দর পর্যন্ত করা হয়েছে। সকালে পুলিশ মাইকিং করে বেকির মোড় থেকে কানসাট বাজার ও ধোপপুকুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকার দোকান বন্ধ করে দেয়।
স্থানীয়রা জানায়, পুলিশ ১৪৪ ধারার অজুহাতে চাঁপাই--সোনমসজিদ মহাসড়কে মানুষ চলাচলে বাধা সৃষ্টি করছে। সাইকেল, রিকশা ও ভ্যান থেকে জোর করে লোক নামিয়ে দিয়ে পায়ে হেঁটে যেতে বাধ্য করছে। জোর করে দোকান--পাট বন্ধ করে দিচ্ছে।
এদিকে শিবগঞ্জ আওয়ামী লীগ কার্যালয়ে ১৪ দল সন্ধ্যায় এক সংবাদ সম্মেলন আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা খায়রুজ্জামান লিটন, ওয়ার্কার্স পার্টির পোলিট ব্যুরো সদস্য ফজলে হোসেন বাদশা। এতে আন্দোলনকালে নিহতদের পরিবার, আহত এবং ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া এবং আন্দোলনকারীদের দাবি--দাওয়া মেনে নেয়ার দাবি জানানো হয়।
স্থানীয় সূত্র জানায়, পুলিশ সকালে কানসাটের তামান্না হোটেলের মফিজ নামের একজনকে পিটিয়েছে। খুব সকালেই ওই হোটেলের কর্মচারিদের ঘুম থেকে তুলে পুলিশ নাস্তা তৈরি করতে বলে। নাস্তা খাওয়ার পর বিল না দিয়েই পুলিশ দোকান বন্ধ করার জন্যে চাপ দেয় এবং আরো কয়েকজন গ্রাহককে অশ্রাব্য ভাষায় গালি--গালাজ করে।
এদিকে সকাল থেকেই পুলিশ ব্যস্ত হয়ে ওঠে ব্যারিকেড সরিয়ে চাঁপাই--সোনামসজিদ মহাসড়ক চালু করার জন্যে। কিন্তু শেষ পর্যন্ত পুলিশ ব্যর্থ হয়। মহাসড়কের পুকুরিয়া থেকে কানসাট পর্যন্ত দেওয়া ব্যারিকেড সরানোর পর সাড়ে ১০টার দিকে ধোপপুকুরে দেওয়া ব্যারিকেড সরানোর চেষ্টা করলে জনরোষের মুখে পড়ে পুলিশ।
খড়গপুর ও ধোবড়ায় সহস্রাধিক নারী--পুরুষের একটি লাঠি মিছিল পুলিশের ব্যারিকেড সরানোর চেষ্টা ব্যর্থ করে দেয়। বিকেলে একই স্থানে স্থানীয় জনতা ও পুলিশের মুখোমুখি অবস্থানের কারণে চারম উত্তেজনা দেখা দেয়। পুলিশ মাইকে জনতাকে পিছু হটার জন্যে ঘোষণা দেয়। জনতাও পাল্টা মাইক যোগে স্থানীয়দের যার যা আছে, তা নিয়ে বেরিয়ে আসতে বললে জনতা লাঠি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসে একত্রিত হয়।
মাইকযোগে পুলিশের উদ্দেশে উত্তেজিত জনতা বলে, আমরা আপনাদের ঘিরে ফেলেছি। ব্যারিকেড সরানোর চেষ্টা না করে আপনারা পিছু হটেন। এ ঘোষনার পর উত্তেজিত জনতা ক্রমাগত পুলিশের দিকে এগিয়ে আসলে পুলিশ পিছু হটতে হটতে ধোপপুকুর থেকে কলাবাড়িতে অবস্থান নেয়। কলাবাড়ির দিকে জনতা আসতে চাইলে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় কানসাট বাজারে বিভিন্ন গলি ও দোকান--পাট থেকে জনতা হামলা চালালে পুলিশ পিছু হটে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের দিকে চলে যায়।
এদিকে কানাসাটের গোপাল নগর মোড়েও পুলিশ ও জনতা মুখোমুখি অবস্থানে রয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
কানসাটে পুলিশের সাথে অবস্থানরত প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট নাসির উদ্দিন বলেন, এখন আমাদের মুল লক্ষ্য চাঁপাই--সোনামসজিদ মহাসড়ক সচল রাখতে ব্যারিকেড সরিয়ে ফেলা ও নির্বিঘেœ যেন যানবাহন চলাচল করতে পারে, তা নিশ্চিত করা। আর সে জন্যেই ১৪৪ ধারা সোনামসজিদ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
পুলিশ জানায়, কানসাটে ১২শ’ পুলিশ ও ১০ প্লাটুন বিডিআর মোতায়েন রয়েছে। এছাড়াও মহিলা পুলিশসহ আরো পুলিশ আনার উদ্যোগ নেয়া হয়েছে।
