২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালের সহিংস রাজনৈতিক পরিস্থিতিতে পর্যটন বাণিজ্যে ধস, বিমান যাত্রী সংখ্যায় ভয়াবহ পতন

সহিংস রাজনৈতিক পরিস্থিতিতে পর্যটন নির্ভর নেপালের অর্থনীতিতে ভয়াবহ ধস নেমেছে। বিভিন্ন দেশের পর্যটক তথা এভিয়েশন যাত্রীর সংখ্যা ভয়াবহভাবে কমে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2006, 06:17 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

এভিয়েশন সূত্র জানায়, কাঠমান্ডুতে আটকা পড়া বাংলাদেশী পর্যটকদের কেউ কেউ এখন ফিরতে শুরু করলেও নেপাল যাচ্ছেন--এমন বিমান যাত্রীর সংখ্যা নেই বললেই চলে।

একইভাবে নেপালকেন্দ্রিক অন্যান্য এয়ারলাইন্সের যাত্রী সংখ্যাও আকিস্মকভাবে কমে গেছে।

বিমানের একজন মুখপাত্র ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজকে বলেন, ঢাকা--কাঠমান্ডু ফ্লাইট চলাচল প্রায় স্বাভাবিক হলেও বৈরী রাজনৈতিক পরিস্থিতির কারণে কাঠমান্ডুগামী ফ্লাইটগুলোতে যাত্রী সংখ্যা কমে গেছে।

তিনি বলেন, অন্যদিকে এখন যারা কাঠমান্ডু থেকে ঢাকায় ফিরছেন, তাদের মধ্যে আটকে পড়া বিদেশী পর্যটকের সংখ্যাই বেশী। তারা ঢাকা হয়ে অন্যান্য দেশে যাচ্ছেন।

নেপাল দূতাবাসের কেউই সর্বশেষ পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে চাননি।

জানা যায়, অস্থিতিশীল অবস্থায় রোববারই বিমানের ঢাকা--কাঠমান্ডু--ঢাকা ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করলেও এসব ফ্লাইটে যাত্রী সংখ্যা ছিলো তুলনামূলকভাবে কম। সপ্তাহে সাতদিনই বিমানের কাঠমান্ডু ফ্লাইট থাকলেও বিদেশি ও দেশি ফিরতি যাত্রীর সংখ্যাই এখন বেশি।

অন্যদিকে বাংলাদেশে চলাচলকারী নেপালের কসমিক এয়ার প্রাইভেট লিমিটেডের ঢাকা--কাঠমান্ডু ও কাঠমান্ডু-- ফ্লাইট দুটি রোববার বাতিল করা হয়। কসমিক এয়ারের ফ্লাইট ৩টা ৫৫ মিনিটে জিয়া আন্তর্জাতিক বিমান ছেড়ে যাওয়া এবং অপর ফ্লাইটটির বিকেল ৩টা ৫ মিনিটে জিয়া বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিলো। কসমিক এয়ারের ১৬টি আঞ্চলিক ও ৩৫টি অভ্যান্তরীণ রুটেও যাত্রী সংখ্যা মারাত্মকভাবে কমেছে।

এছাড়া নেপালের জাতীয় পতাকাবাহী রয়েল নেপাল এয়ারলাইন্সের যাত্রী পর্যটকের সংখ্যাও আকস্মিকভাবে কমতে শুরু করেছে।

এদিকে ভিন্ন একটি সূত্র জানায়, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ গত ৩১ জানুয়ারি বিমানকে দেওয়া এক পত্রে সংস্থার এফ--২৮ উড়োজাহাজ কোনোভাবেই পাহাড় ঘেরা কাঠমান্ডু ফ্লাইট পরিচালনার জন্যে উপযোগী নয় বলে জানিয়ে দিয়েছে। ঝুঁকিপূর্ণ কাঠমান্ডু ফ্লাইটের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যে বিমানকে দুদফায় তাগাদাও দেওয়া হয়েছে। কিন্তু কোনো পক্ষই এখন আর এ ব্যাপারে উদ্বিগ্ন নয়।

প্রসঙ্গত, নেপালে সহিংসতার ঘটনায় রাজা জ্ঞানেন্দ্র রাজ্য জুড়ে কারফিউ ঘোষণা করেছেন। একই সঙ্গে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর কার্যক্রম স্থগিত করা হয়েছে। সমস্ত মোবাইল সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। দীর্ঘদিন ধরেই দেশটিতে মাওবাদী গেরিলাদের সশস্ত্র সংগ্রাম চলছে।