স্পিকারের অবকাশ যাপন রুমে আগুন
জাতীয় সংসদের স্পিকারের সংসদ ভবনের অবকাশ যাপন কক্ষে শনিবার এক অগ্নিকাণ্ডে বেশ কিছু সরকারি ফাইল পুড়ে গেছে।
পুলিশ অগ্নিকাণ্ডের ঘটনা স্বীকার করেছে। কিন্তু ফায়ার ব্রিগেড ও স্পিকারের বাসার কেউই অগ্নিকাণ্ডের ব্যাপারে কিছুই জানেন না বলে জানান।
সূত্র জানায়, ঘটনার পর স্পিকার জমিরউদ্দিন সরকার অগ্নিকাণ্ডের জন্যে নিরাপত্তারক্ষীদের দ্বায়িত্বে অবহেলাকেই দায়ী করেছেন।
বেলা সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। এতে ঘরের কার্পেট, ও বেশকিছু সরকারি ফাইলপত্র পুড়ে যায়। তেজগাঁও থানার এসআই আসাদ বিডিনিউজকে বলেন, ঘটনার খবর শুনে পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে যায়। রাত ৮টা ৯ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশের দলটি ওই স্থানেই ছিল।
তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত আর কিছুই জানাতে রাজি হননি।
ঘটনাস্থলে থাকা ওই থানারই অপর এসআই মোহাম্মদ ইরফান ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনিও এ ব্যাপারে কিছু জানাতে রাজি হননি।
রহস্যজনকভাবে ওই কক্ষের ভিতর থেকেই আগুন লাগে। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি।
এব্যাপারে টেলিফোনে স্পিকারের এপিএস এর সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি সম্পর্কে জানেন না বলে জানান।
