খাগড়াছড়িতে পাহাড়ি -বাঙালি আবারো সংঘর্ষ, আহত ৫০ জন
পার্বত্য জেলা খাগড়াছড়ির মাইচছড়ি ইউনিয়নে সোমবার সকালে পাহাড়ি -- বাঙালি সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়। পুলিশ ও সেনা বাহিনী ঘটনাস্থল থেকে ২৪ জন পাহাড়ি ও পাঁচজন বাঙালিকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শি ও হাসপাতাল সূত্র জানয়, আহতদের মধ্যে ১৭ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পাঁচজন বাঙালি ও বাকিরা পাহাড়ি। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত টুকুমনি চাকমাকে (৩৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সংঘবদ্ধ বাঙালিরা পাহাড়িদের গ্রামে গাছ কাটতে গেলে ওই হামলা ও সংঘর্ষের সূত্রপাত হয়। মাইচছড়ি নতুন বাজার, জয়সেন কারবারী পাড়া ও চাওপ্র“ কারবারী পাড়া -- এই তিনটি পাহাড়ি গ্রাম হামলার পর পরই জনমানব শূন্য হয়ে পড়ে।
একই এলাকায় রোববারও আওয়ামী লীগ সমর্থিত পাহাড়ি এবং বিএনপি সমর্থিত বাঙালিদের মধ্যে এক দফা সংঘর্ষ বাধে।
আহত পাহাড়িরা বলছেন, এরই জের ধরে সোমবার ওই সাম্প্রদায়িক হামলা চালানো হয়। হামলার সময় বাঙালিরা লাঠি -- শোটা, দা, কিরিচ ব্যবহার করে। পাহাড়িদের ঘরবাড়িতে ভাঙচুর ও লুঠতরাজ চালানো হয় বলে তাদের অভিযোগ।
জনসংহতি সমিতির যুব বিষয়ক সম্পাদক ব্রজ কিশোর ত্রিপুরা সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন, হামলার সময় দুজন পাহাড়ি নারী ধর্ষনের শিকার হয়। তিনি জানান, এছাড়া সুমনা ভিক্ষু নামে একজন বৌদ্ধ পুরহিতকে মারপিট করা হয়। হামলার পর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।
