২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়া শহরে মাদকাসক্তের লাগিয়ে দেওয়া আগুনে শিশুসহ ৩ জন নিহত

বগুড়া জেলা শহরের ফুলবাড়ি উত্তরপাড়ায় এক মাদকাসক্ত শনিবার ভোর রাতে নিজ ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিলে আগুনে ওই মাদকাসক্তের শিশুপুত্র, বাবা ও মা মারা গেছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2006, 06:21 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

এলাকাবাসী ও নিহতদের পারিবারিক সূত্র জানায়, শুক্রবার গভীর রাতে ফুলবাড়ি উত্তরপাড়ায় মাদকাসক্ত শফিকুল ইসলাম পেট্রোল ঢেলে ঘরে আগুন ধরিয়ে দেয়। আগুনে তার শিশুপুত্র সাগর ও পালিত বাবা সাইদার আলী (৫৫) এবং মা দিলারা বেগমের (৪৮) মৃত্যু হয়।

সূত্র আরো জানায়, শনিবার ভোর রাত সাড়ে ৪টার দিকে শফিকুল বাড়ির কলাপসিবল গেটে নতুন করে আরো একটি তালা ঝুলিয়ে দেয়। এরপর সে জানালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে খাটের তোষক, সোফা, বালিশে আগুন ধরে যায়। এতে শিশু সাগরসহ তিনজনই মারাত্মক দগ্ধ হয়।

তাদের আর্তচিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে শফিকুল একটি ছোট বালতি ও চার লিটার কন্টেইনার ফেলে পালিয়ে যায়। এরপর এলাকার লোকজন দরজা ও জানালা ভেঙে ঘরে ঢুকে তিনজনকে মূমুর্ষূ অবস্থায় উদ্ধার করেন এবং আগুন নিভিয়ে ফেলে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে অগ্নিদগ্ধ তিনজনকে ভোর সাড়ে ৫টার দিকে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৭টার দিকে শিশু সাগর ও ৯টার দিকে সাইদার আলী মারা যান। সকাল সাড়ে ৯টার দিকে দিলারাকে ঢাকা নেয়ার জন্যে অ্যাম্বুলেন্সে তোলার পর পরই মারা যান।

দিলারার বাবা দেলবর অভিযোগ করেন, শফিকুলই ঘরে আগুন ধরিয়ে দিয়েছে।

দুপুরে সুরতহাল রিপোর্ট তৈরির পর বিকেলে নিহতদের ময়না তদন্ত সম্পন্ন হয়। পুলিশ ঘাতক শফিকুলকে এখনোও গ্রেপ্তার করতে পারেনি।

এ ব্যাপারে সদর থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের হয়েছে।