২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় উৎকোচ গ্রহণের অভিযোগে জেলা প্রশাসকসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

পাবনায় জমি খারিজ করতে কৃষকের কাছ থেকে উৎকোচ দাবি করার অভিযোগে পাবনার জেলা প্রশাসক ও প্রশাসনের উর্দ্ধতন চার কর্মকর্তার বিরুদ্ধে সাতজন কৃষক আদালতে মামলা দায়ের করেছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2006, 05:05 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

মামলা দায়েরের পর আদালত সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে সমন জারি করেছে।

মামলার সূত্রে জানা গেছে, সদর উপজেলা ভূমি অফিসে দীর্ঘদিন ধরে জমির নাম খারিজ করাসহ বিভিন্ন কাজে ব্যাপক দূর্নীতি ও অনিয়ম করা হচ্ছে। এরই অংশ হিসেবে তহশীলদাররা উৎকোচ নিয়ে বিনা নোটিশে বা নাম মাত্র নোটিশে জমি খারিজ করছে।

উৎকোচ না দেওয়ায় সদর উপজেলার গয়েশপুরের তহশীলদার গত এক বছরেও একজনের জমি খারিজ করেন নি। কৃষকরা কয়েক বছর ধরে এই হয়রানীর শিকার হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বার বার অভিযোগ করেও কোন ফল না পাওয়ায় বাধ্য হয়ে তারা আদালতের শরণাপন্ন হয়।

পাবনার সদর সহকারী সিনিয়র জজ আদালতে পাবনা সদর উপজেলার ইসমাইলপুর গ্রামের আব্দুল ওয়াহেদ, চরকোম্বাখালী গ্রামের মো. আব্দুল্লা, শানিকদিয়ার গ্রামের আব্দুল হামিদ, মালঞ্চি গ্রামের শফিকুল আলম, বহলবাড়িয়া গ্রামের তমিজ উদ্দিন, ভুরভুরিয়া গ্রামের আলাউদ্দিন এবং বারাদী গ্রামের বাদশা প্রামানিকসহ সাত ভূক্তভোগী কৃষক বাদি হয়ে এই মামলা দায়ের করে।

মামলার বিবাদীরা হলো পাবনার জেলা প্রশাসক, অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব), সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।