২ সদস্যের গণতদন্ত দলের দ্বিতীয় দফায় কানসাট এলাকা পরিদর্শন
কানসাট হত্যাকাণ্ডের প্রেক্ষিতে গঠিত তেল গ্যাস খনিজসম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ২ সদস্যের একটি গণতদন্ত দল শুক্রবার দ্বিতীয় দফায় কানসাট এলাকা পরিদর্শন করেছেন।
সকালে গণতদন্ত দলের সদস্য ড. শহীদুল্লাহ ও সেলিম জাহাঙ্গীর প্রথমে পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম কমিটির আহবায়ক গোলাম রাব্বানীর সঙ্গে সাক্ষাত করে আন্দোলনের সার্বিক পরিস্থিতি সর্ম্পকে অবহিত হন।
সাক্ষাতকালে গোলাম রাব্বানী তদন্ত দলকে জানান, জনগনের প্রাণের দাবি ১৪ দফা পুরণে সরকার টালবাহানা ও গড়িমসি শুরু করেছে বলে অভিযোগ করেন।
গোলাম রাব্বানী গণতদন্ত কমিটিকে জানান, স্থানীয় জনগণ দাবি আদায় ছাড়া ঘরে ফিরবে না। দাবি আদায়ের লক্ষে আগামী ৬ এপ্রিল বিকালে কানসাট গোপাল নগর মোড়ে সমাবেশ ও লাঠি-ঝাড়– মিছিলের কর্মসুচি ঘোষণা করা হয়েছে। মিছিলটি গোপালনগর মোড় থেকে শিবগঞ্জ বাজার পর্যন্ত প্রদক্ষিণ করবে। ওইদিন বৃহত্তর আন্দোলন কর্মসুচি ঘোষণা করা হবে।
গণতদন্ত কমিটি গোলাম রাব্বানীর সঙ্গে আলাপ শেষে কমিটির প্রকাশিতব্য প্রতিবেদনের খসড়া কপি পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম কমিটির কাছে হস্তান্তর করে।
পরে তদন্ত কমিটি কানসাট গোপালনগর মোড়ে ২৩ জানুয়ারি পুলিশের গুলিতে আহত রুটি ব্যবসায়ী ঝালু (৪০), বিশ্বনাথপুরের সালেহা (৪৯), কুদ্দুস (৩৪) এবং নিহত দাউদ আলীর স্ত্রী পপি বেগম , মান্নানের গর্ভবর্তী স্ত্রী কবিরন, শিবনারায়নপুরে আনোয়ার বাবুর মা রুমালী, আব্বাস বাজারের কাজলের মা আনোয়ারা বেগমের খোজ খবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।
