খাগড়াছড়ি জেলা পরিষদে রদবদল: ক্ষুব্ধ উপমন্ত্রী শিগগিরই চ্যালেঞ্জ করবেন
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান পদে রদবদল ঘটানো হয়েছে। এ নিয়ে ক্ষুব্ধ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান বলেছেন, শিগগিরই তিনি সংশ্লিষ্টদের কাছে এ বিষয়ে জবাবদিহিতা চাইবেন।
মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী ৫ এপ্রিল অনুষ্ঠেয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আন্তঃমন্ত্রণালয়ের সভায় মন্ত্রী বিষয়টি উত্থাপন করতে পারেন। স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া বৈঠকে উপস্থিত থাকবেন।
উপমন্ত্রী দেওয়ান মনিস্বপন বিদেশে অবস্থানকালে সম্প্রতি পার্বত্য উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ওয়াদুদ ভূঁইয়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তদের পাশ কাটিয়ে তরিঘড়ি করে মনীন্দ্র লাল ত্রিপুরাকে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেন। এছাড়াও অব্যহতি দেওয়া হয় ওই পদে পূর্বে নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান নক্ষত্রলাল দেব বর্মনকে। তার বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই দুর্নীতির অভিযোগ উঠেছিলো।
তবে পার্বত্য বোর্ড উন্নয়ন বোর্ড চেয়ারম্যানের ওই প্রজ্ঞাপন জারির ঘটনাটি পুরোপুরি নিয়মনীতি মেনে করা হয়নি বলে সূত্র জানায়। সে কারণেই উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান বিষয়টিকে চ্যালেঞ্জ করতে যাচ্ছেন। একই সঙ্গে বিএনপির এই দুই এমপির চলমান বিরোধ প্রকাশ্যে দ্বন্দ্ব -- সংঘাতে রূপ নিতে যাচ্ছে।
উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান বিডিনিউজকে বলেন, প্রধানমন্ত্রী আমাকে যে নির্দেশ দেবেন, সেটাই আমি মেনে চলবো। তবে এ ভাবে নিয়ম নীতি এড়িয়ে কাউকে নিয়োগ দেওয়া উচিত নয়।
ওই ঘটনার প্রতিবাদে তিনি পদত্যাগ করতে যাচ্ছেন কি না -- তা জানতে চাওয়া হলে তিনি হেসে বলেন, না, আমি পদত্যাগ করছি না।
এদিকে মন্ত্রণালয় সূত্র জানায়, পরিস্থিতি সামাল দিতে উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান আগামী সোমবার পার্বত্য উন্নয়ন বিষয়ে এক বৈঠক জরুরি সভা ডেকেছেন। এতে সদ্য নিয়োগপ্রাপ্ত খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মনীন্দ্র লাল ত্রিপুরা ছাড়াও রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ড. মানিকলাল দেওয়ান ও বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ম্যামাচিং মারমার যোগ দেওয়ার কথা রয়েছে।
