আলোকিত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে গড়ে উঠতে শিশুদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার দেশের শিশুদের প্রতি একটি আলোকিত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য সামনে নিয়ে নিজেদের গড়ে তোলার আহবান জানিয়েছেন।
বিকেলে বাংলাদেশ টেলিভিশন মিলনায়তনে নতুন কুঁড়ি ২০০৫ এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিশুদের উদ্দেশ্য করে বলেন, তোমরাই বিশ্বের সামনে একটি আলোকিত বাংলাদেশ উপহার দিতে পারবে বলে আমি বিশ্বাস করি।
লাখো মানুষের দুঃখ শ্রম ও ত্যাগে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল এ কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এখন এটাই আমাদের দেশ....বাইরের কোনো মানুষ আমাদের শাসন করে না। আমাদেরকেই এদেশ উন্নত করতে হবে।
শিশুদের মধ্য থেকে প্রতিভা বের করে আনতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নতুন কুঁড়ি প্রতিযোগিতার আয়োজন করেছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তোমাদের আসল কাজ লেখাপড়া করা। এর পাশাপাশি অন্যান্য কর্মকাণ্ডের মাধ্যমে তোমরা নিজেদের প্রতিভার বিকাশ ঘটাবে।
কয়েক বছর নতুন কুঁড়ি প্রতিযোগিতা বন্ধ থাকার বিষয়ািটকে খালেদা জিয়া দুর্ভাগ্যজনক উল্লেখ করে তিনি বলেন, এই প্রতিযোগিতা আবারো চালু করতে পেরে আমরা খুশি।
পরে প্রধানমন্ত্রী নতুন কুঁড়ি ২০০৫ এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং প্রতিযোগীদের সাথে করমর্দন করেন। তিনি প্রতিযোগীদের সাথে ফটো সেশনেও অংশ নেন।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এম শামসুল ইসলামও বক্তব্য রাখেন।
