২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের শোভাযাত্রায় হামলাকে কেন্দ্র করে শ্রীনগর রণক্ষেত্র, পুলিশ সাংবাদিকসহ আহত ২৫

মুন্সিগঞ্জের শ্রীনগরে স্বাধীনতা দিবস উপলক্ষে রোববার আওয়ামী লীগের শোভাযাত্রায় হামলাকে কেন্দ্র করে গোটা উপজেলা শহর রণক্ষেত্রে পরিণত হয়।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2006, 02:38 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

এ সংঘর্ষের ঘটনায় পুলিশ, সাংবাদিক ও রাজনৈতিক কর্মীসহ কমপক্ষে ২৫ জন আহত হয়। এ সময় বিক্ষুব্ধ আওয়ামী লীগ কর্মীরা বেশ কয়েকটি বাস, স্টেডিয়ামে সরকারি অনুষ্ঠান মঞ্চ ও সাতটি তোরণ ভাংচুর করে।

পরে ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগ ও বিএনপি পৃথক পৃথক বিক্ষোভ মিছিল বের করে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা পৌণে ১১টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুকুমার রঞ্জন ঘোষের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি সরকারি কলেজের সামনে গেলে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মামুনের নেতৃত্বে এতে হামলা করা হয়।

হামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনের মাথা ফেটে যায়। এ সময় আরো কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মী আহত হয়। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য গেলে দুপক্ষের ইট পাটকেলের আঘাতে পুলিশের এএসপি ইকবাল পাঠান ও ওসি নূর হোসেনসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়।

এ সময় পুলিশের ছোড়া রাবার বুলেটের আঘাতে সাংবাদিক বাছিরউদ্দিন জুয়েল আহত হয়।