২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে কার্ডিয়াক ভিসিটি চালু

দেশের হৃদরোগ বিশেষজ্ঞরা শনিবার বলেছেন, কোন হৃদরোগীকে রোগ সনাক্ত ও চিকিৎসা নিতে এখন আর বিদেশ যেতে হবে না। সদ্যস্থাপিত সর্বাধুনিক কার্ডিয়াক ভিসিটি প্রযুক্তি ব্যবহার করে তারা দেশেই হৃদরোগ সনাক্তকরণ ও তার চিকিৎসা নিতে পারবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2006, 07:24 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

চিকিৎসকরা বলেন, মোট হৃদরোগীদের ৩০ শতাংশেরও বেশি লোক স্থানীয় চিকিৎসা ব্যবস্থার ওপর আস্থা রাখতে না পেরে চিকিৎসা নিতে দেশের বাইরে যান। কিন্তু  এখন পরিস্থিতির পরিবর্তন ঘটবে।

বাংলাদেশ বিজনেস কর্পোরেশনের (বিবিসি) সহায়তায় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ও গবেষণা ইনস্টিটিউট (আইসিএইচআরআই) হৃদযন্ত্রের ইনভেসিভ এনজিওগ্রামের বিকল্প হিসেবে ননইনভেসিভ ইমেজ প্রস্তুত করতে সর্বাধুনিক লাইটস্পিড কার্ডিয়াক ভিসিটি প্রযুক্তি ব্যবস্থা চালু করেছে।

এ রোগ সনাক্তকরণ সর্বাধুনিক যন্ত্রটির দাম পড়েছে ১৪ কোটি টাকা।

ভলিউমেটিক সিটি এনজিওগ্রাম পদ্ধতির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান সরকারের তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম। তিনি বলেন, রোগীদের ভালো চিকিৎসা দেওয়ার দায়িত্ব চিকিৎসকের। এক্ষেত্রে প্রযুক্তি সহায়ক ভূমিকা পালন করবে।

রোগীদের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে চিকিৎসা সেবা দিতে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালকে সহযোগিতা করতে তথ্যমন্ত্রী চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।

ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের চেয়ারম্যান মঞ্জুর এলাহী এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব অধ্যাপক একে আজাদ খান উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বিবিসি’র চেয়ারম্যান এনামুল মালিক বলেন, যারা চিকিৎসা ব্যয় নির্বাহ করতে পারে না তাদেরেকে কম খরচে চিকিৎসা দিতে এ পদ্ধতি চালু করা হয়েছে। গবেষণাসংক্রান্ত কাজে আইসিএইচআরই’কে সহযোগিতা করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের সর্বাধুনিক চিকিৎসা যন্ত্রপাতি স্থাপনের ব্যাপারে সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

প্রতিবার কার্ডিয়াক সিটি এনজিওগ্রাম করতে ১২,০০০ থেকে ১৪,০০০ টাকা খরচ পড়বে বলে আইসিএইচআরআই কর্তৃপক্ষ জানিয়েছে।

সিটির (দক্ষিণ এশিয়া) ম্যানেজার নরেশ নোরাশিমহান তার মূল প্রবন্ধে বলেন, হৃদযন্ত্রের স্পষ্ট ৩--ডি ছবি পেতে কার্ডিয়াক সিটি এনজিওগ্রাম নতুন, ঝুঁকিমুক্ত ও ননইনভেসিভ প্রযুক্তি। ভেতর ও বাইরে থেকে স্টেনোটিক ধমনী পরীক্ষা এবং হৃদপিন্ডে রক্তবহনকারী ধমনীর ক্যালসিয়ামের পরিমাপ করতে এটি খুবই উপকারী।

তিনি বলেন, হৃদযন্ত্রের ত্রিমাত্রিক এনাটমিনাল ও দ্বিমাত্রিক মাল্টিক্সিয়াল ছবি অস্বাভাবিক হৃদযন্ত্রের পেশী ও ভালব সণাক্ত করতে ব্যবহৃত হতে পারে। হৃদযন্ত্রের কার্যাবলী নির্দেশ করে স্ট্রোক ভলিউম, ইজেকশন ফ্র্যাকশন, কার্ডিয়াক আউটপুট এবং ডান ও বাম ভেন্টিকিউলার কার্যাবলীর মতো প্যারামিটারগুলো এটি পরিমাপ করতে পারে।  

কার্ডিয়াক সিটি আর্টেরিয়সক্লেরোসিসের অস্বাভাবিক নরম পে¬গের প্রাথমিক অবস্থা সনাক্ত করতে পারে। কিন্তু কার্ডিয়াক ক্যাথেটেরাইজেশন এনজিওগ্রাম (সিএজি) মাঝে মাঝে এটিকে সনাক্ত করতে ব্যর্থ হয়।

নোরাশিমহান বলেন, কার্ডিয়াক সিটি আসার আগে ইনভেসিভ পদ্ধতি ছাড়া কোনো ব্যক্তির হৃদরোগ রয়েছে কিনা তা জানা সম্ভব ছিল না। এখন এ পদ্ধতি ব্যবহার ছাড়াই কারো হৃদরোগ রয়েছে কিনা চিকিৎসকরা তা সনাক্ত করতে পারবেন।