২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে তামাক রপ্তানি ৩০ শতাংশ বেড়েছে

গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি ২০০৫ - ২০০৬ অর্থবছরের জুলাই - জানুয়ারি সময়ে কাঁচা তামাক রপ্তানি সাড়ে ২৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। উন্নত দেশগুলো তামাক উৎপাদনের ক্ষেত্রে প্রদত্ত ভর্তুকি হ্রাস করায় বিশ্ববাজারে বাংলাদেশের রপ্তানি পরিধি বেড়েছে বলে একটি সূত্র জানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2006, 05:47 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্র জানায়, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে বাংলাদেশ তামাক রপ্তানি করে ১২ দশমিক ১৬ মিলিয়ন মার্কিন ডলার আয় করে। ২০০৪ - ২০০৫ অর্থবছরের একই সময়ে বাংলাদেশ তামাক রপ্তানি করে আয় করেছিল নয় দশমিক ৩৯ মিলিয়ন মার্কিন ডলার।

ইপিবি’র একজন কর্মকর্তা জানান, কাঁচা তামাকের রপ্তানি ২০০৪ - ২০০৫ অর্থবছরে ১১০ শতাংশ বৃদ্ধি পায়। তখন তামাক রপ্তানি করে আয় হয়েছিল ১৭ দশমিক নয় মিলিয়ন মার্কিন ডলার।

ওই কর্মকর্তা বলেন, সামনের বছরগুলোতে তামাক রপ্তানি আরো বৃদ্ধি পাবে।

তিনি বলেন, উন্নত দেশগুলো ভর্তুকি হ্রাস করায় কাঁচা তামাকের বিশ্ব রপ্তানি বাজারের কাঠামোয় পরিবর্তন এসেছে। এ কারণে শুধু বাংলাদেশের নয়, ব্রাজিল, ভারত এবং পাকিস্তানেরও কাঁচা তামাক রপ্তানি বৃদ্ধি পেয়েছে।

পাশাপাশি বিশেষ ইনসেনটিভ প্যাকেজের আওতায় তামাক রপ্তানিকারকদের ১০ শতাংশ নগদ ভর্তুকি প্রদানের ব্যবস্থা ২০০৫ সালে চালু হওয়ার পর থেকে সুবিধাগ্রহীতা রপ্তানিকারকদের তামাক রপ্তানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে।

তামাক শিল্পের সাথে জড়িত একজন কর্মকর্তা বলেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইতোমধ্যে তামাক খাতে ৪০ শতাংশ ভর্তুকি হ্রাস করেছে। ২০০৬ সালের ১ জানুয়ারি থেকে এটি কার্যকর হচ্ছে। ২০১০ সালের সম্পূর্ণ ভর্তূকি প্রত্যাহার করে নেয়া হবে বলে তিনি জানান।

ওই কর্মকর্তা আরো বলেন, গত চার বছরে মোট তামাক রপ্তানির ৭০ শতাংশেরও বেশি শেয়ার রয়েছে একটি বহুজাতিক কোম্পানির হাতে। 

ব্রিটিশ আমারেকিনা ট্যোবাকো ইইউ’র সহযোগী দেশগুলোতে তামাক রপ্তানি করে থাকে। আর এ কারণে তামাক রপ্তানির বড় গন্তব্য পরিণত হয়েছে ইইউভুক্ত দেশগুলো।

সূত্র জানায়, তামাক  আমদানির ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান সরকার পর্যায়ক্রমে কোটা উঠিয়ে নেয়ায় বাংলাদেশ থেকে তামাক আমদানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে।

ইপিবি’র অপর একজন কর্মকর্তা বলেন, গত চার বছরে তামাক রপ্তানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। রপ্তানির পরিমাণ উচ্চহারে বৃদ্ধির পাশাপাশি বিশ্ববাজারে তামাকের দামও বেড়েছে।

যদিও তামাক উৎপাদনের জমির পরিমাণ বৃদ্ধি না পেলেও সাম্প্রতিক বছরগুলোতে একর প্রতি ফলন উল্লেখযোগ্যহারে বেড়েছে। আর উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে তামাক উৎপাদনকারী কোম্পানিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।