২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সশস্ত্র বাহিনীর বিভিন্ন কর্মসূচী গ্রহন

সশস্ত্র বাহিনী যথাযোগ্য মর্যাদায় রোববার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নানা কর্মসূচী গ্রহণ করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার একথা জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2006, 01:19 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

এসব কর্মসূচীর মধ্যে রয়েছে--দেশের অব্যাহত শান্তি-সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর অগ্রগতি কামনা করে সেনা, নৌ ও বিমান বাহিনীর সকল মসজিদে ফজরের নামাজের পর বিশেষ মোনাজাত, সূর্যোদয়ের সময় সাভার জাতীয় স্মৃতিসৌধে মহামান্য রাষ্ট্রপতি প্রফেসর ডঃ ইয়াজউদ্দিন আহমেদ ও মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুষ্পমাল্য অর্পন, তেজগাঁও পুরাতন বিমান বন্দর এলাকায় সূর্যোদয়ের সময় ৩১ বার তোপধ্বনি এবং সশস্ত্র বাহিনীর সদর দপ্তর, বিভিন্ন ইউনিট এবং ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় ঢাকা পুরাতন বিমান বন্দরের জাতীয় প্যারেড স্কয়ারে সেনা, নৌ, বিমান, বিএনসিসি, বিডিআর, বাংলাদেশ কোস্ট গার্ড, র‌্যাব, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে সম্মিলিত কুচকাওয়াজ।

মহামান্য রাষ্ট্রপতি এই কুচকাওয়াজের সালাম গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রী খালেদা জিয়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।।

এছাড়া সেনা, নৌ ও বিমান বাহিনীর বাদক দল যথাক্রমে ক্রিসেন্ট লেক, ফার্মগেট এবং মিরপুর ২ নং জাতীয় স্টেডিয়াম এলাকায় বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত যন্ত্রসঙ্গীত পরিবেশন করবে।

এছাড়াও নৌবাহিনীর কিছু জাহাজ জনসাধারণের পরিদর্শনের জন্য বেলা ২টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ঢাকার সদরঘাট, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, মংলা ও বরিশালে উন্মুক্ত রাখা হবে।