২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলা ভাই ও সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করতে নির্যাতিতদের উৎসাহিত করছে পুলিশ

নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)’র সেকেন্ড-ইন-কমান্ড সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই গ্রেপ্তারের পর তার বাহিনীর হাতে নিহত ও নির্যাতিত পরিবারের সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে বাগমারা থানা পুলিশ মামলা দায়েরের উৎসাহ দিলেও সহযোগীদের গ্রেফতারের বিষয়ে নিরব ভূমিকা পালন করছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2006, 04:49 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাগমারা পুলিমের একজন সাব- ইন্সপেক্টরকে দায়িত্ব দেয়া হয়েছে নির্যাতনের শিকারদের মামলায় উৎসাহিত করার জন্যে।

এ পর্যন্ত বাগমারা থানায় বাংলা ভাই ও তার বাহিনীর হাতে নির্যাতনের ঘটনায় তিনটি মামলা দায়ের হয়েছে। মামলা তিনটি হলো--তক্তপাড়া গ্রামের আব্দুস সালামের উপর নির্যাতন মামলা, কনোপাড়া গ্রামের গোলাম রাব্বানী হত্যা মামলা এবং শ্রীপুর গ্রামের আফজাল হোসেনের মোবাইল ফোন ছিনতাইয়ের মামলা। এই তিনটি মামলায় মোট ৩৯ জনকে আসামি করা হলেও পুলিশ এ পর্যন্ত গ্রেপ্তার করেছে মাত্র একজনকে।

এসব মামলার বাদীরা অভিযোগে জানান, মামলার আসামিরা পুলিশের সামনে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। অথচ মামলা দায়েরের আগে পুলিশ তাদের বাংলা ভাই ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য একাধিকবার প্ররোচিত করেছে। পুলিশের এমন দ্বিমুখী আচরণের কারণে নিহত ও নির্যাতিত পরিবারের সদস্যরা মামলা দায়েরের ব্যাপারে হতাশ হয়ে পড়েছে।

বাগমারা থানা পুলিশের একজন এসআই বিডিনিউজকে জানান, তিনি এসব মামলার দায়িত্বে রয়েছেন। এছাড়া এই এসআই ওই তিনটি মামলার মধ্যে একটি মামলার তদন্তকারী কর্মকর্তার দায়িত্বে রয়েছেন বলে জানা যায়।