২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী সিটি করপোরেশনের সেবায় অসন্তষ্ট অধিকাংশ নাগরিক: টিআইবির গবেষণা জরিপের তথ্য প্রকাশ

রাজশাহী সিটি করপোরেশনের (আরসিসি) সেবায় সন্তুষ্ট নয় অধিকাংশ নাগরিক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2006, 05:23 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

বৃহস্পতিবার রাজশাহীতে এক সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সিসিসি) সিটি করপোরেশনের সেবা স্ক্রংান্ত গবেষণা প্রতিবেদন ‘রিপোর্ট কার্ড জরিপ ২০০৫’-এ ওই তথ্য প্রকাশ করে।

সিটি কর্পোরেশন তাদের ওপর অর্পিত দায়িত্ব কতটুকু পালন করতে পারছে তার মাত্রা যাচাই করা, নাগরিক সমস্যা চিহ্নিত করা এবং করপোরেশনের কার্যক্রমকে কীভাবে আরো গতিশীল করা যায়, তা নির্ধারণ করার উদ্দেশ্যে এ রিপোর্ট কার্ড জরিপ পরিচালিত হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ৯৭ শতাংশ উত্তরদাতা জানান, তাদের এলাকায় মশার উপদ্রব খুবই বেশি। মশার ওষুধ ছিটানোর ব্যাপারে সিটি কর্পোরেশনের ভূমিকায় অসন্তষ্ট ৯৬% উত্তরদাতা।

৯১ শতাংশ উত্তরদাতার মতে, তাদের এলাকায় সরকারি টয়লেটের অভাব রয়েছে। বিদ্যমান পাবলিক টয়লেট নিয়মিতভাবে রক্ষণাবেক্ষণ করা হয় না বলে জানিয়েছেন ৫৪ ভাগ উত্তরদাতা।

৬১ শতাংশ উত্তরদাতার মতে, তাদের এলাকায় পানি নিস্কাশনের জন্য প্রয়োজনীয় সংখ্যক ড্রেন নেই। জরিপে ৪৫ শতাংশের মতে সালিশিতে কমিশনার নিরপেক্ষ ছিলেন না।

এক বছরের মধ্যে সিটি কর্পোরেশনের কাছ থেকে ট্রেড লাইসেন্স, যানবাহনের লাইসেন্স ও ঠিকাদারি লাইসেন্স নিয়মিত করতে গিয়ে ১২ শতাংশ নাগরিককে গড়ে ৫২ টাকা ঘুষ দিতে হয়েছে। অন্যদিকে ৪২ শতাংশ নাগরিক মেয়রের কার্যক্রমে অসন্তষ্ট বলে জানিয়েছেন।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সিটি করপোরেশনের কার্যক্রমে গতিশীলতা আনতে নাগরিকরা বেশ কিছু সুপারিশ করেন।

এগুলো হচ্ছে- বিভিন্ন ওয়ার্ডে বাজেট বরাদ্দে সংকীর্ণ ‘দলীয় রাজনৈতিক’ বিবেচনা বাদ দেয়া, করপোরেশন উন্নয়ন কর্মসূচি বিশেষ করে বাজেট প্রতি বছর জনসমক্ষে প্রকাশ করা, রাস্তাঘাট--হাটবাজার পরিস্কার--পরিচ্ছন্নতা বিষয়ে পৌর কর্তৃপক্ষ কর্তৃক জনগণকে উদ্বুদ্ধকরণ কর্মসূচি চালু করা।

এছাড়া করপোরেশনের নিজস্ব আয় বাড়ানোর উদ্যোগ গ্রহন এবং পরিকল্পিত বাজেটের ব্যবহার ও স্বচ্ছতা এবং দায়বদ্ধতার সাথে নিয়মিত পরিবীক্ষণ করতে সুশীল সমাজ থেকে কমিটি গঠনসহ আরও কিছু সুপারিশ প্রদান করা হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নগরীর মিয়াপাড়াস্থ সিসিসি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি উপস্থাপন করেন কমিটির আহবায়ক অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু।

এতে টিআইবির কর্মসূচি পরিচালক আবু মোঃ মহসিন, কর্মকর্তা সাইদুর রহমান মোল্লা, রফিকুল ইসলাম, নাগরিক কমিটির সদস্য চৌধুরী সারওয়ার জাহান এবং অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।