বিমানের লন্ডন ফ্লাইট ৮ ঘন্টা বিলম্বিত, ২০০ যাত্রীর ভোগান্তি
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডন ফ্লাইটের যাত্রা বুধবার ৮ ঘন্টা বিলম্বিত হয়। এ কারণে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া ওই ফ্লাইটের প্রায় ২০০ যাত্রীকে পোহাতে হয় চরম দুর্ভোগ।
এক পর্যায়ে আটকে পড়া যাত্রীরা বিমানবন্দরে বিক্ষোভ দেখান। তবে বিমানের একজন মুখপাত্র ওই যাত্রী বিক্ষোভের কথা অস্বীকার করেন।
বিমান সূত্র জানায়, বিমানের ঢাকা -- লন্ডন ফ্লাইট বুধবার ভোর ৪টায় জিয়া বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা ছিলো। কিন্তু যান্ত্রিক ত্র“টির কারণে ফ্লাইটটি ৫ ঘন্টা বিলম্বিত হয়।
সকাল ৯ টায় এর যাত্রা নির্ধারণ করা হলেও বিমান বাহিনীর উড়োজাহাজ মহড়ার (ফ্লাই পাস্ট) কারণে এটি পুনর্নিধারিত সময়ে যাত্রা করতে পারেনি।
পরে বেলা সোয়া ১২ টার দিকে বিমানের লন্ডন ফ্লাইটটি যাত্রা করে।
জানা যায়, ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতি হিসেবে বিমান বাহিনী সকাল ৯ টা থেকে ১১ টা ৪০ মিনিট পর্যন্ত উড়োজাহাজ মহড়া দিয়ে আসছে। ২১, ২২ ও ২৩ মার্চ এই মহড়ার নির্ধারিত সময়।
বিমান বাহিনীর ওই মহড়ার সময় জিয়া বিমানবন্দরের আকাশ সীমায় বেসামরিক উড়োজাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ (এয়ার ক্লোজড) করে দেওয়া হয়।
