চরফ্যাশনে সার বন্টন নিয়ে পুলিশের সাথে কৃষকদের সংঘর্ষে ২০ জন আহত
সার বিক্রিকে কেন্দ্র করে সোমবার ভোলার চরফ্যাশনে কৃষক - পুলিশ সংঘর্ষ ২০ কৃষক আহত হয়েছে। এ সময় পুলিশের তিনটি রাইফেল ছিনিয়ে নিয়ে ভাংচুর করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।
চরফ্যাশন থানা সূত্র জানায়, সপ্তাহকাল ধরে এখানে সার সংকট বিরাজ করছিল। সোমবার দুপুরে ২৪শ’ বস্তা সার চরফ্যাশন এসে পৌঁছালে সার ক্রয়ের জন্যে কয়েক হাজার কৃষক জড়ো হয়। কৃষকদের ব্যাপক চাহিদার মুখে স্থানীয় এমপি নাজিম উদ্দিন আলমের নির্দেশে ইউএনও তাৎক্ষণিকভাবে তিনটি স্পটে সার বিক্রির উদ্যেগ নেন। এ খবর ছড়িয়ে পড়লে শতশত কৃষক মারমুখি হয়ে পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের ওপর ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। ফলে এক পর্যায়ে পুলিশও কৃষকদের ওপর লাঠিচার্জ করে। এতে ২০ কৃষক আহত হয় বলে স্থানীয় সুত্র জানায়।
এদিকে পুলিশ তাদের একটি রাইফেল ভাঙ্গার কথা স্বীকার করেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
