বাংলা ভাইয়ের হাতে নিহতদের স্বজনরা বাংলা ভাই ও শায়খ রহমানের ফাঁসির পাশাপাশি চিহ্নিত মন্ত্রীদের বিচার দাবি করেছে
বাংলা ভাইয়ের হাতে নিহত ও নির্যাতিতদের পরিবারের সদস্যরা বাংলা ভাই ও শায়খ আব্দুর রহমানের প্রকাশ্য ফাঁসির পাশাপাশি তাদের মদদদাতা হিসেবে চিহ্নিত তিন মন্ত্রীর বিচার দাবি করেছেন।
রাজশাহীর সাহেব বাজারের জিরো পয়েন্টে অনুষ্ঠিত একাত্তুরের ঘাতক দালাল নির্মূল কমিটির জনসমাবেশ থেকে সোমবার বিকেলে বাংলা ভাইয়ের হাতে নিহত ও নির্যাতিতদের পরিবারের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
ভাষা সৈনিক আবুল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বাংলা ভাইয়ের হাতে নিহত ইদ্রিস আলী খেজুরের স্রী রেবেকা সুলতানা, নিহত আবু তালেব ভুট্টোর মা রাবেয়া বেওয়া, নিহত গোলাম রব্বানীর মা খোদেজা বেওয়া, নিহত জানবক্সের স্রী কহিনুর বেগম, নিহত দিপঙ্কর কুমার সাহার পিতা দ্বিজেন্দ্র নাথ সাহা, নিহত কাইউম বাদশার ভাই মাহমুদ, নিহত ইয়াসিনের পিতা ইসমাইল মৃধা, নিহত মনোয়ার হোসেন বাবুর পিতা মহসিন আলী, নিহত শহিদুজ্জামানের পিতা মোসলেম আলী, নিহত সেনা সদস্য শেখ ফরিদের স্রী লাইলা ও কন্যা ফারজানাসহ নির্যাতিত, পঙ্গু ও আহত ব্যাক্তিরা এতে বক্তব্য রাখেন।
সমাবেশে পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, নওগাঁর আত্রাই ও রানীনগর এবং রাজশাহীর বাগমারা এলাকায় এখনো বাংলা ভাইয়ের ক্যাডাররা প্রকাশ্যে ঘুরছে এবং তাদের মামলা না করার জন্যে হুমকি দিচ্ছে।
বাংলা ভাইয়ের হাতে নিহত খেজুর আলীর স্রী রেবেকা সুলতানা বলেন, প্রতিমন্ত্রী আলমগীর কবিরের নির্দেশেই তার স্বামীকে চার টুকরা করে হত্যা করা হয়। আওয়ামী লীগ করার কারণে তার স্বামীকে প্রাণ দিতে হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি এ প্রসঙ্গে বলেন, ২০০১ সালের জাতীয় নির্বাচনের দিন একটি ভোট কেন্দ্রে উক্ত মন্ত্রীর সাথে তার স্বামীর কথা কাটাকাটি হলে আলমগীর কবির সেদিন বলেছিলেন, ‘তোর রস বের করে দেব’।
অধিকাংশ বক্তারা বলেন, আওয়ামী লীগ করার কারণেই বাংলা ভাই এর বাহিনী তাদের ওপর নির্যাতন চালায়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির। এছাড়াও ১৪ দলের নেতা ফজলে হোসেন বাদশা, এইচ এম খায়রুজ্জামান লিটন, রাবির সাবেক উপাচার্য প্রফেসর আব্দুল খালেক বক্তব্য রাখেন।
