২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুদ্ধিজীবিদের মন্তব্য অনেক দেরিতে এলো: তসলিমা

নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন দুঃখ প্রকাশ করে বলেছেন, বাংলাদেশে তার এমন একজন শুভাকাঙ্খীও নেই, যিনি তার হয়ে সরকারের বিরুদ্ধে একটা মামলা করতে পারেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সুব্রত আচার্য্য, কলকাতা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2006, 07:53 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

“এটা খুবই কষ্টের,” বিডিনিউজকে বলেন নাসরিন।

তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনতে সরকারেরই উদ্যোগ নেওয়া উচিত -- বাংলাদেশের বুদ্ধিজীবিদের এমন মন্তব্যে তিনি বলেন, অনেক দেরিতে বুদ্ধিজীবিদের কাছ থেকে এরকম মন্তব্য শুনতে হল।

তিনি বলেন, “দীর্ঘ ১২ বছর ধরে আমাকে দেশের বাইরে থাকতে হচ্ছে। নিজের জন্মভূমি হওয়া সত্ত্বেও সেখানে আমি যেতে পারছি না। সরকার অবৈধ ভাবে আমাকে দেশে প্রবেশ করতে দেয়না।”

নাসরিন বলেন, মায়ের মৃত্যুর সময় যখন ঢাকা বিমানবন্দরে নেমেছিলাম, তখন আমাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়া হয়।

বাংলাদেশের দু’ একজন বুদ্ধিজীবি তাকে দেশে ফিরিয়ে নেয়ার ব্যাপারে সরকারকে ভাবা উচিত বলে মনে করে যে মত প্রকাশ করেছেন, সে মন্তব্যকে কেবলই মন্তব্য হিসেবে দেখছেন তসলিমা নাসরিন। তিনি বলেন,  এটা ওই বুদ্ধিজীবিদের শুধুই মন্তব্য। এটা কোন উদ্যোগ নয়।

সম্প্রতি নাসরিন আবারো দেশে ফিরে আসার আগ্রহ প্রকাশ করার পর বিডিনিউজ বুদ্ধিজীবীদের মন্তব্যভিত্তিক একটি প্রতিবেদন প্রচার করে।

নাসরিন বলেন, কোন এক সাংবাদিক ওই বুদ্ধিজীবিদের কাছে এ মন্তব্য চেয়েছিলেন। বুদ্ধিজীবিরা শুধু তাদের মন্তব্যই দিয়েছেন।

“দেশে ফিরিয়ে নেয়ার ব্যাপারে এটা কোন উদ্যোগ নয়,” তিনি হতাশার সাথে বলেন।

নাসরিন বলেন, যখন দেখবো আমার পাসপোর্ট বিদেশের বাংলাদেশ দূতাবাস পুনঃমুদ্রণ করে দিয়েছে, তখনই বুঝবো বাংলাদেশের ওই বুদ্ধিজীবিরা শুধু মন্তব্য করেন নি। উদ্যোগও নিয়েছিলেন।

তবে এটুকু মন্তব্যের জন্য নাসরিন অবশ্য কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবিদের ধন্যবাদ জানিয়েছেন।