বীর মুক্তিযোদ্ধা লে.ক. (অব) শাহজাহান উদ্দিন ভূইয়ার ইন্তেকাল
আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা লে. ক. (অব.) শাহজাহান উদ্দিন ভূইয়া রোববার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না...রাজিউন)। তার মৃত্যুতে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, মা, ভাইবোন ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার দুপুরে ডিওএইচএস বারিধারা কেন্দ্রীয় মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন আলহাজ আব্দুর রাজ্জাক এমপি, তোফায়েল আহমেদ, মুকুল বোস, সাবের হোসেন চৌধুরীসহ কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা শাহজাহান উদ্দিন ভূইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
অপর এক শোক বিবৃতিতে শেখ হাসিনা রয়টার্সের ফটো সাংবাদিক রফিকুর রহমানের কন্যা রুমানা রহমানের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি মরহুমার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
