বাংলা মোটরে ওভার ব্রিজ নির্মাণ ও ইউসুফ পাশার নামে নামকরণের দাবি
বাংলা মোটরে ওভার ব্রিজ নির্মাণ এবং সড়ক দুর্ঘটনায় নিহত কবি ও সাংবাদিক ইউসুফ পাশার নামে নামকরণের দাবি জানিয়েছে সিটিজেন রাইটস মুভমেন্ট।
সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিউটের সামনে শনিবার ছয় দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালনকালে এ দাবি জানায়।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে-- শিল্প শ্রমিকদের জন্যে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে শিল্প কারখানা স্থাপন, ঢাকা মহানগরীসহ দেশের ঝুঁকিপূর্ণ স্থাপনা অপসারণ এবং নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তোলা।
সাবেক সচিব এবং বিটিআরসির সাবেক চেয়ারম্যান এবং সংগঠনের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে মানববন্ধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভা পরিচালনা করেন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। এতে লিখিত বক্তব্য পাঠ করেন-- সিটিজেন রাইটস মুভমেন্টের আহবায়ক এবং কর্মকুটির ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক তুষার রেহমান।
পরে বাংলা মোটর ক্রসিং এ ওভার ব্রিজ নির্মাণ এবং ১৭ মার্চ বাংলা মোটরে সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক ইউসুফ পাশার নামে এর নামকরণের দাবিতে একটি মিছিল বের করা হয়।
