‘তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার দায়িত্ব সরকারের’
দেশের বিশিষ্ট নাগরিকরা বলেছেন, তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনা এবং তার নিরাপত্তার ব্যবস্থা করার জন্য সরকারি পদক্ষেপ জরুরি।
নাসরিন সম্প্রতি আবারো দেশে ফিরে আসার আগ্রহ প্রকাশ করার পর তারা বলেছেন, জামাত ও অন্যান্য মৌলবাদী শক্তিকে সরকার মূল্য দিচ্ছে বলেই তিনি দীর্ঘ ১৩ বছর দেশের বাইরে থাকতে বাধ্য হচ্ছেন।
কেউ কেউ মনে করছেন, নাসরিন দেশে ফিরলে মৌলবাদী শক্তি আবার রাস্তায় নামার সুযোগ পাবে। তবে এই বিষয়টি জোরালো ভাবে মোকাবেলা করার দায়িত্ব সরকারের বলেও তারা মন্তব্য করেছেন।
দেশের প্রধান কবি শামসুর রাহমান বলেন, অবশ্যই তসলিমা নাসরিনের জন্মভূমিতে ফিরে আসার অধিকার রয়েছে। এতোদিন ধরে তার নির্বাসনের বিষয়টি আমার কাছে নীতিবিরুদ্ধ।
তিনি বলেন: লেখকরা মুক্ত চিন্তার মানুষ। নির্বাসন দিয়ে তাদের মুক্ত চিন্তা, সত্যকথা বলার কণ্ঠরোধ করা যায় না। সরকারিভাবে তসলিমাকে দেশে ফিরিয়ে আনা উচিত। মৌলবাদীরা যদি তার জন্মভূমিতে আসায় বাধা হয়ে দাঁড়ায় তবে সরকারের উচিত হবে তসলিমাকে রক্ষা করা। কারণ, মৌলবাদীদের চরিত্র এখন সবার কাছেই ধরা পড়ে গেছে।
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ইতিমধ্যেই মৌলবাদীদের স্বরূপ প্রকাশ হয়ে গেছে। এরকম অপশক্তির আক্রোশে পড়ে তার দেশ ত্যাগের বিষয়টি সকল মুক্ত চিন্তার মানুষের কাছে চরম অপমানের। একজন নাগরিক হিসেবে নাসরিনের প্রথমত তার নিজের দেশে স্থায়ীভাবে বসবাস এবং দ্বিতীয়ত রাষ্ট্র কর্তৃক নিরাপত্তা পাবার অধিকার তার নিশ্চয়ই আছে।
তিনি বলেন: তসলিমা দেশে ফিরে আসার পর কোণঠাসা হওয়া মৌলবাদীরা হয়তোবা আবার চাঙ্গা হওয়ার সুযোগ খুঁজবে। কিন্তু এ ব্যাপারে পূর্বের অভিজ্ঞতা থেকেই তসলিমার উচিত হবে মৌলবাদীদের উস্কানি না দেয়া। অনেক গভীরে গিয়ে শিল্পের নানামুখী ব্যবহারের মাধ্যমে অনেক জ্বলজ্বলে সত্য প্রকাশ করা যায়।
কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, অবশ্যই তসলিমা দেশে ফিরে আসবে। তসলিমার দেশে ফেরার ব্যাপারে সরকার ও রাজনৈতিকভাবে যে বাধা, সেটা দূর করা গেলে তার দেশে ফেরার তো কোনো বাধা নেই।
তিনি বলেন: জামাত ও অন্যান্য মৌলবাদী দলের বিরুদ্ধে সরকারি অবস্থান দাঁড় করাতে চাইলে, সরকারের উচিত তসলিমাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া।
কবি নির্মলেন্দু গুণ বলেন, তসলিমা দেশে ফিরে আসতে চাইলে সরকারের উচিত তাকে অবশ্যই সাহায্য করা। প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা। তার নিরাপত্তার ব্যবস্থা করা। তবে নাগরিকত্বসহ অন্যান্য যে মামলা আছে তা মোকাবেলা করতে হবে তসলিমা নাসরিনকেই।
তিনি বলেন, মৌলবাদ বা জঙ্গিবাদসহ অন্য ধর্মব্যবসায়ীদের রাজনৈতিকভাবে ঠেকানোটা এখন খুবই জরুরি। তসলিমাকে দেশে ফিরিয়ে আনা তাদের উচিত জবাব দেয়ার মতো হবে। তাই সরকারের সঠিক সিদ্ধান্ত হবে তসলিমা দেশে ফেরার আগ্রহ জানিয়ে যে আবেদন জানিয়েছে তাতে সাড়া দেয়া এবং তাকে আনার ব্যবস্থা করা।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব ওবায়দুল হক স্বভাবতই ভিন্ন ধরণের মত দিয়েছেন। তিনি বলেন, আমাদের আন্দোলনের ফলে তসলিমা নাসরিন ভয়ে পালিয়ে গেছে। সে এদেশে থেকে বহু আকাম করেছে। মুসলমানদের নিয়ে উল্টা Ñ পাল্টা কথা বলেছে, লিখেছে; ইসলাম নষ্ট করেছে। বিচারের আগেই দেশের কিছু ইসলাম বিরোধী মানুষের সহযোগিতায় পালিয়ে গেছে।
তিনি বলেন, দেশে আসতে চায়, ভালো কথা। তাকেতো আমরা দেশেই চাই। আবার আন্দোলন চলবে। তবে দেশে আসলে ঘরে থাকবে নাকি জেলখানায় থাকবে তা দেশে আসলেই বোঝা যাবে।
আইনজীবী রাবিয়া ভূঁইয়া বলেন, তসলিমা নাসরিন মৌলবাদী এবং জঙ্গিবাদীদের ভয়ে দেশে আসতে পারছেনা - এ ভয়তো বাংলাদেশের সব মানুষের। একমাত্র সরকার ছাড়া। মানুষের মৌলিক অধিকার রক্ষা করার দায়িত্ব সরকারের। এটা রক্ষা করতে না পারা সরকারের ব্যর্থতা।
তিনি বলেন, তসলিমার দেশে ফেরার ব্যাপারে আইনগত কোনো জটিলতা নেই। দু - একটি ছোট খাট যে মামলা রয়েছে তা তিনি দেশে থেকেই মোকাবেলা করতে পারেন। মৌলবাদীদের ভয়ে পালিয়ে থাকার কোনো অর্থ হয়না।
তিনি বলেন, মৌলবাদীদের সাথে সরকারের জোট রয়েছে। মৌলবাদীদের আন্দোলনের ফলে তার বই ব্যান্ড হয়েছে কিন্তু তার জীবনতো ব্যান্ড করে দেয়ার অধিকার রাখে না সরকার।
তিনি বলেন, তসলিমার ফিরে আসার ব্যাপারে সরকারকে অবশ্যই অগ্রনী ভূমিকা পালন করতে হবে। তাকে সব রকম আইনী সহায়তাসহ যান Ñ মালের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে সরকারকেই।
ভাষ্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী বলেন, আমাদের উচিত তাকে ফিরিয়ে আনা। সরকারের উচিত তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা। অবশ্যই ওর ফিরে আসা উচিত। তাকে আমরা ভালোবাসি।
তিনি বলেন, মৌলবাদীরা আজকে নিজেরাই বিপদে আছে, তারা ওকে বিপদে ফেলবে কি? তসলিমার নাগরিকত্ব বাতিল করার ওরা কারা? তসলিমা দেশের মেয়ে দেশে ফিরবে এবং আমরা ওকে বুকে তুলে
নেবো।
বিশিষ্ট নাট্যজন মামুনুর রশীদ বলেন, আমি অবশ্যই তার দেশে ফিরে আসার আগ্রহকে সাধুবাদ জানাই। তসলিমা নাসরিন একজন লেখক। তার লেখা, কর্মকান্ড নিয়ে বিতর্ক থাকতে পারে। কেউ পছন্দ করবে, কেউ করবে না - এটা হতেই পারে। কিন্তু তাকে দেশ ছাড়তে হবে কেন? আমি মনে করি, এতে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে।
তিনি বলেন: তসলিমা দেশে ফিরে আসতে চায় -- এ ব্যাপারে শুধু সরকার নয়, সকল প্রগতিশীল মানুষের উচিত হবে তাকে তার আপন দেশে ফিরিয়ে আনা। এতে হয়তোবা দেশে বসবাসরত মৌলবাদীরা আবার মিছিল Ñ মিটিং করবে, ঠিক হচ্ছে না বলবে; তাতে কার কী? তারা তো বাংলাভাইকেও গ্রেফতারের ব্যাপারে না বলেছে।
মানবাধিকার কর্মী ও সাহিত্যিক শাহীন আখতার বলেন, তসলিমা নাসরিন দেশে ফিরতে চাইলে এবং সরকার তাকে ফিরিয়ে আনতে চাইলে সবচেয়ে উপযুক্ত সময় এখনই। শায়খ আব্দুর রহমান, বাংলা ভাই আর মোল্লারা ধরে পড়ছে। ঠিক এই সময়ে তসলিমাকে দেশে ফিরিয়ে এনে সরকার আরো ক্রেডিট নিতে পারে যে, মৌলবাদ বলে দেশে কিছু নেই। আর মোল্লারা যদি আবারও বাড়াবাড়ি করে তবে তা ঠেকানোর দায়িত্ব সরকারের।
অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন বলেন, কী কারণে তসলিমা নাসরিন দেশে আসতে পারছেনা সে বিষয়টা আগে পরিষ্কার হতে হবে। যদি তার বিরুদ্ধে কোনো রাষ্ট্রদ্রোহ মামলা থেকে না থাকে তবে তসলিমা অবশ্যই দেশে ফিরে এসে আইনী সহায়তা নিতে পারে। এদেশের নাগরিক হিসেবে এটা তার আইনগত অধিকার। সেতো কাউতে হত্যা করেনি; তার কিছু লেখা মৌলবাদীদের আঘাত করেছিল। এর জন্য তাকে দেশ ছাড়তে হবে কোন যুক্তিতে।
রাজনীতিবিদ রাশেদ খান মেনন বলেন, তসলিমা নাসরিন দেশে ফিরে আসতে চায় এ ব্যাপারে আমার মন্তব্য করার কিছু নেই কারণ দেশের মেয়ে দেশে আসতে চাইবেই। এটাইতো তো উচিত। দেশপ্রেম তাকে টানছে। সেতো আসতে চাইবেই। এটা দেখার দায়িত্ব সরকারের।
