নওগাঁর রানীনগর থানায় বাংলা ভাইসহ ৫২ জনের বিরুদ্ধে পৃথক ৩টি মামলা দায়ের
জঙ্গি নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই এবং তার ৫২ সহযোগীকে আসামী করে নওগাঁর রানীনগর থানায় বৃহস্পতিবার নির্যাতিতরা পৃথক তিনটি মামলা দায়ের করেছেন।
জঙ্গি নেতা বাংলা ভাই গ্রেপ্তার হওয়ার পর ২২ মাস আগের ঘটনায় নির্যাতিতরা এ মামলা দায়ের করল।
মামলা সূত্রে জানা যায়, রানীনগর থানার চাপটা গ্রামের সুশীল চন্দ্রের ছেলে সুফল (২৮) ও একই গ্রামের সুধীর চন্দ্রের ছেলে সুশান্তকে ২০০৪ সালের ১২ ও ১৩ মে বাংলা ভাই এর ক্যাডাররা বাড়ি থেকে তুলে নিয়ে যায়। ঘটনার পর থেকে ওই দুই যুবকের কোনো সন্ধান পাওয়া যায়নি।
সুফল ও সুশান্তকে হত্যার উদ্দেশ্যে অপহরণের অভিযোগে ঘটনার প্রায় ২২ মাস পর, হতভাগ্য দুই যুবকের পিতা বাদী হয়ে বৃহস্পতিবার রানীনগর থানায় বাংলা ভাই ও তার ক্যাডারদের আসামী করে পৃথক দুটি মামলা দায়ের করেন।
অন্যদিকে রানীনগর উপজেলার ভোট গ্রামের রফিকুল ইসলামকে ২০০৪ সালের ১৫ এপ্রিল বাংলা ভাই এর ক্যডাররা নির্যাতন করে পঙ্গু করে দেয়। রফিকুল ইসলাম তাকে নির্যাতন করে পঙ্গু করে দেওয়ার অভিযোগে বাংলা ভাই ও তার ক্যাডারদের বিরুদ্ধে একই দিন রানীনগর থানায় মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, রানীনগর থানায় দায়েরকৃত পৃথক তিন মামলার আসামী করা হয়েছে বাংলা ভাই এবং তার ৫২ সহযোগিকে।
এসকল মামলায় জিজ্ঞাসাবাদের জন্যে অতিদ্রুত বাংলা ভাইকে রিমান্ডে নেয়া হবে বলেও পুলিশ জানায়।
