২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষ ১২টি দুর্নীতিগ্রস্থ খাত চিহ্নিত, আগামী সপ্তাহ থেকে এসিসির বিশেষ ঝটিকা অভিযান

দুর্নীতি দমন কমিশন (এসিসি) নিু আদালতসহ দেশের ১২টি শীর্ষ দুর্নীতিগ্রস্থ খাত চিহ্নিত করে সেখানে ঘুষসহ অবৈধ সম্পদ সংগ্রহ রোধে বিশেষ ঝটিকা অভিযান শুরু করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2006, 07:42 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

এ লক্ষ্যে ইতোমধ্যেই একজন প্রথম শ্রেণীর দুর্নীতি দমন কর্মকর্তার নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। টিমটি আগামী সপ্তাহ থেকেই ওইসব সরকারি কার্যালয়ে ‘ফাঁদ পাতা’ বা ‘ট্র্যাপ কেস’ নীতিতে অভিযান শুরু করবে।

দুর্নীতি দমন কমিশনের (এসিসি) চেয়ারম্যান বিচারপতি সুলতান হোসেন খান বুধবার ঢাকায় কর্মরত দুর্নীতি বিষয়ক সাংবাদিকদের একটি প্রতিনিধি দলের সাথে মতবিনিময়কালে একথা জানান।

নবগঠিত রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (আরএসি) সভাপতি শহীদুজ্জামান ও সাধারণ সম্পাদক মিজান মালিক প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

এ সময় কমিশনের সদস্য (তদন্ত ও অনুসন্ধান) মনিরউদ্দিন আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিচারপতি সুলতান হোসেন খান সাংবাদিক নেতাদের জানান, কমিশন ইতোমধ্যেই ফাঁদ পেতে দুর্নীতিবাজদের আটক করার নীতি চূড়ান্ত ও অনুমোদন করেছে। এর মাধ্যমে বিভিন্ন সরকারি কার্যালয়ে ঝটিকা অভিযান চালিয়ে দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারিদের হাতেনাতে ধরে ব্যবস্থা নেয়া হবে।

তিনি জানান, কমিশন ইতোমধ্যেই নিু আদালতসহ দেশের শীর্ষ ১২টি দুর্নীতিগ্রস্থ খাত চিহ্নিত করেছে। এসব খাতের মধ্যে রয়েছে-- পুলিশ, কাস্টমস, শিক্ষা অধিদপ্তর, যোগাযোগ, বিআরটিএ, ভূমি অধিদপ্তর ও রেজিস্ট্রার কার্যালয়, বিমান বন্দর, সিভিল অ্যাভিয়েশন, পাসপোর্ট অধিদপ্তর, নিু আদালত ও সরকারি হাসপাতালসমূহ।

এসিসি চেয়ারম্যান জানান, এসব অভিযানে বিশেষ টিমকে পুলিশের পরিবর্তে র‌্যাবের সদস্যরা সহায়তা করবে। পুলিশ তথ্য ফাঁস করে দিতে পারে বলে অভিযানে পুলিশকে সাথে নেয়া হবে না।

মতবিনিময়ে জানানো হয়, এসিসি এখন পর্যন্ত তদন্ত করে মোট সাতটি মামলা দায়ের করেছে। এছাড়াও আগের দায়ের করা ৪৫টি মামলায় তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

বিচারপতি সুলতান হোসেন সাংবাদিকদের জানান, কমিশন কয়েকটি বিদেশী ব্যাংকে বাংলাদেশের প্রভাবশালী ব্যক্তিদের জমা করা অর্থের পরিমাণ জানতে চিঠি দেওয়ার উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের সহায়তায় এ চিঠি দেওয়া হবে। এ জন্যে ইতোমধ্যে সুইস ব্যাংক ও ব্যাংক অব ইংল্যান্ডসহ বিশ্বের ১০টি শীর্ষস্থানীয় বিদেশী ব্যাংকের তালিকাও প্রস্তুত করা হয়েছে।