সাংবাদিক গৌতম দাস হত্যা মামলার তিন দফা তারিখ পরিবর্তন, নতুন তারিখ ২ এপ্রিল
ফরিদপুরে সাংবাদিক গৌতম দাস হত্যা মামলার তারিখ তিন দফা পরিবর্তন করে ২ এপ্রিল পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।
ফরিদপুরের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মো. জসীমউদ্দিন খানের আমলি আদালতে বুধবার এ তারিখ নির্ধারিত হয়।
আদালত সূত্রে জানা যায়, স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিক, সমকালের ব্যুরো প্রধান গৌতম দাস হত্যা মামলার পলাতক চার আসামি বুলু, কাজী মুরাদ, আপন এবং জাহিদের আদালতে আত্মসমর্পণের বিজ্ঞাপন প্রকাশিত না হওয়ায় আদালত মামলার তারিখ পরিবর্তন করা হয়।
এদিকে কোর্ট ইন্সপেক্টর জানান, স্থানীয় ও জাতীয় চারটি দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হলেও বুধবার পর্যন্ত তা প্রকাশিত হয়নি।
গত ১৭ নভেম্বর সাংবাদিক গৌতম দাসকে সন্ত্রাসীরা হত্যা করে। মামলার ১০ আসামির মধ্যে ছয় জন গ্রেপ্তার হয়েছে। বাকি চার জনের নামে হুলিয়া জারি করা হয়েছে কিন্তু পত্রিকায় যথাসময়ে তা প্রকাশিত না হওয়ায় বুধবার তৃতীয় বারের মতো মামলার তারিখ পরিবর্তন করা হয়েছে।
