মানিকগঞ্জে ধান ক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ২২ জন আহত
মানিকগঞ্জে বুধবার সকালে ধান ক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ২২ জন আহত হয়েছে।
দৌলতপুর উপজেলার চকমিরপুর গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক।
পুলিশ ও এলাকাবাসী সূত্র বিডিনিউজকে জানায়, উপজেলার মূলকান্দি গ্রামের বর্গাচাষী নুরু শেখ ও শ্যালো পাম্প মালিক আব্দুল আজিজের মধ্যে বোরোধানের ক্ষেতে পানি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়ই দলবল গুছিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে এক মহিলাসহ কমপক্ষে ২২জন আহত হয়।
আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় দুইজনকে ঢাকায়, তিনজনকে মানিকগঞ্জ সদর হাসপাতাল ও বাকিদের দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
