২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনার কারণে শম্ভুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ হওয়ার দেড় মাস পরও তদন্ত কমিটির কাজের অগ্রগতি নেই

রুরাল পাওয়ার কোম্পানি পরিচালিত ময়মনসিংহের শম্ভুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ৩৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার একটি ইউনিট দুর্ঘটনার কারণে বন্ধ হয়ে যাওয়ার দেড় মাস পর কারণ অনুসন্ধানে গঠিত কমিটির কাজের কোনো অগ্রগতি হয়নি। অগ্রগতি নেই ক্ষয়ক্ষতি নির্ধারণ এবং মেরামত কাজেও।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2006, 08:40 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

পিডিবি’র উৎপাদন পূর্বাভাসে বলা হয়েছে ইউনিটটি আগামী ২২ মার্চ আবার উৎপাদনে ফিরে আসবে। তবে সূত্র বলছে, এটি উৎপাদনে ফিরে আসতে আরো অনেক বেশি সময় লাগবে।

গত ২৩ জানুয়ারি রাত সাড়ে ৯ টায় বিকট শব্দ করে এই ইউনিটটি ট্রিপ করে। এতে আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় ২০০ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

ইউনিটটি বন্ধ হওয়ার প্রায় দেড় মাস পর রোববার বিদ্যুৎ মন্ত্রণালয় কর্তৃক গঠিত একটি তদন্ত কমিটি বিদ্যুৎ কেন্দ্রে গিয়ে অনেকটা দায়সারা গোছের তদন্ত সেরে এসেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায় কমিটি ভাঙ্গা মেশিনটি সামান্য ঘুরে দেখার পর সারা বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা কর্মচারিদের মধ্যে একমাত্র শাহাবুদ্দিন বিশ্বাসকে (যিনি শিফট ইনচার্জ হিসেবে দায়িত্বরত থাকা অবস্থায় দুর্ঘটনা ঘটেছিল) দায়সারা গোছের জিজ্ঞাসাবাদ করেছেন।