২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত গার্মেন্টস শ্রমিকদের ওপর হামলা, আহত ৫০

বকেয়া বেতনের দাবিতে সাভারের একটি গার্মেন্টসের আন্দোলনরত বিক্ষুব্ধ শ্রমিকদের ওপর মালিক পক্ষের সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2006, 08:14 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

মঙ্গলবার বিকেলে এই হামলার প্রতিবাদে শ্রমিকরা নবীনগর -- কালিয়াকৈর সড়কের জিরানী বাসস্ট্যান্ড একঘন্টা অবরোধ করে রাখে। পরে পুলিশের হস্তক্ষেপে মালিক পক্ষ বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

সূত্র জানায়, সাভারের জিরানীতে অবস্থিত এন হারুণ নিট অ্যান্ড গার্মেন্টসের তিন শতাধিক শ্রমিক গত তিনমাস ধরে তাদের বকেয়া বেতন দাবি করে আসছিল। মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে শ্রমিকরা তাদের কর্মস্থলেই মিছিল করে। এরই এক পর্যায়ে গার্মেন্টস মালিকের ভাড়াটিয়া সন্ত্রাসীরা শ্রমিকদের উপর হামলা চালায়। সন্ত্রাসীদের হামলায় নারী -- পুরুষসহ অন্তত ৫০ জন শ্রমিক আহত হয়।

পরে উত্তেজিত শ্রমিকরা বিক্ষোভ মিছিল সহকারে নবীনগর -- কালিয়াকৈর সড়ক অবরোধ করলে সন্ধ্যা ছ’টা পর্যন্ত উক্ত সড়কে যাবাহন চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে আশুলিয়া থানার পুলিশ ও উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন। পুলিশের উপস্থিতিতে গার্মেন্টস মালিক পক্ষ শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।