বাগমারা থানায় বাংলা ভাইয়ের বিরুদ্ধে প্রথম মামলা
রাজশাহীর বাগমারা থানায় রোববার এই প্রথম জঙ্গি নেতা সিদ্দুকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের বিরুদ্ধে মামলা হয়েছে।
বাংলা ভাই ও তার ক্যাডারদের নির্যাতনে পঙ্গু মাড়িয়া ইউপির তক্তপাড়া গ্রামের আব্দুস সালাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এর আগে তিনি বাংলা ভাই এর বিরুদ্ধে মামলা দায়ের করতে গেলে তাকে ফিরিয়ে দেওয়া হয়।
বাগমারা থানা এলাকায় বাংলা ভাইয়ের নির্যাতনে বহু লোক প্রাণ হারিয়েছে অনেকে সারা জীবনের জন্যে হয়েছেন পঙ্গু।
মামলা সূত্রে জানা যায়, ২০০৪ সালের ১৩ এপ্রিল জঙ্গি নেতা সিদ্দুকুল ইসলাম বাংলা ভাই ও তার ক্যাডাররা আব্দুস সালামকে সর্বহারা আখ্যা দিয়ে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে উল্টো করে ঝুলিয়ে পেটায়। এসময় বাংলা ভাই তার কাছ থেকে এক লাখ টাকা চাঁদা দাবী করে।
তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার ওপর আবারো নির্যাতন নেমে আসে। এ নির্যাতনের ফলে তিনি পঙ্গুত্ব বরণ করেন।
এর আগেও তিনি মামলা করতে গেলে থানা থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়।
বাংলা ভাই গ্রেপ্তার হওয়ার পর নির্যাতিতরা মামলা করার প্রস্ততি নেন।
অবশেষে রোববার আব্দুস সালাম বাগমারা থানায় গিয়ে বাংলা ভাই ও তার ২৭ ক্যাডারের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
বাগমারা থানায় এটিই বাংলা ভাই এর বিরুদ্ধে প্রথম মামলা। এর আগে অপর দুটি হত্যা মামলায় বাংলা ভাইকে অভিযুক্ত করার প্রস্তুতি নেয়া হচ্ছে।
