টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর ৩ সদস্য নিহত, আহত ২
ঢাকা--টাঙ্গাইল মহাসড়কের করটিয়া বাইপাসে শনিবার বিকেলে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর তিন সদস্য নিহত ও দু’জন আহত হয়েছে। নিহতরা সবাই বগুড়া বেজের রাডার ইউনিটে কর্মরত।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, বগুড়া থেকে বিমান বাহিনীর সদস্যরা পিকআপ ভ্যানযোগে ঢাকা যওয়ার পথে, বিকেল সাড়ে ৪টার দিকে করটিয়া বাইপাসে তাদের বহনকারী পিকআপের সামনের চাকা ফেসে যায়। এসময় ঢাকা থেকে বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস পিকআপ ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই সার্জেন্ট সাহাবুল (৩৪), সার্জেন্ট হারুন (৩৫) ও সিভিলিয়ান (৪০) নিহত হয়। দুর্ঘটনায় গুরুত্বর আহত কর্পোরাল শরীফ (২৫) ও সিভিলিয়ান শাহীন (৩০) কে ঢাকা সিএমএইচএ পাঠানো হয়েছে।
বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা প্রশাসনের অনুমতি নিয়ে মৃত দেহগুলো ঢাকায় নিয়ে যান। এ বিষয়ে যাবতীয় আনুষ্ঠানিকতা ঢাকা সিএমএইচএ সম্পন্ন করা হবে বলে বিমান বাহিনীর কর্মকর্তারা জানান।
