নির্বাচনের আগে অপচয়ের আশংকায় বৈদেশিক সাহায্য প্রবাহ কমেছে
চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে দেশে বৈদেশিক সাহায্যের প্রবাহ ৪০ শতাংশ হ্রাস পেয়েছে। আগামী সাধারণ নির্বাচনের আগে সাহায্যের আওতায় আসা অর্থের অপব্যবহার হতে পারে দাতাদের এমন আশংকার ভিত্তিতে বৈদেশিক সহায়তার প্রবাহ কমে গেছে বলে অর্থনীতিবিদরা বলছেন।
অর্থনীতিবিদ ও সরকারের সংশ্লিষ্ট সংস্থার সূত্র চলতি অর্থবছরের উল্লেখিত সময়ে বৈদেশিক সহায়তা কম ছাড়ের জন্যে দাতাদের বেঁধে দেওয়া আরোপিত কঠিন শর্তাবলী পূরণে সরকারের অক্ষমতাকে দায়ী করেছেন।
বাংলাদেশ ২০০৫-২০০৬ অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে বৈদেশিক সহায়তা হিসেবে ৪৮৮ মিলিয়ন মার্কিন ডলার পেয়েছে। অবশ্য পূর্ববর্তী অর্থবছরের একই সময়ে বাংলাদেশ ৮১৫ মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক সহায়তা পেয়েছিল।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এক কর্মকর্তা নাম গোপন রাখার শর্তে বিডিনিউজকে বলেন, দেশের মোট গৃহীত বৈদেশিক সহায়তার পরিমাণ আসলে ২৩৭ মিলিয়ন মার্কিন ডলার। কেননা, পূর্ববর্তী ঋণ পরিশোধ করতেই ২৫১ মিলিয়ন মার্কিন ডলার খরচ করতে হয়েছে।
২০০৪-২০০৫ অর্থবছরের একই সময়ে ঋণ পরিশোধ করেও মোট গৃহীত বৈদেশিক সহায়তার পরিমাণ ছিল ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের ওপরে।
ইআরডি সূত্র জানায়, চলতি অর্থবছরের প্রথমার্ধে গৃহীত মোট বৈদেশিক সহায়তার মধ্যে বিশ্বব্যাংক দিয়েছে ৩২৬ দশমিক ৬৪৩ মিলিয়ন মার্কিন ডলার, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) দিয়েছে ৯৭ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার এবং বাকি অংশটি এসেছে অন্যান্য দাতা সংস্থার কাছ থেকে।
বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক কাজী খলিকুজ্জামান বিডিনিউজকে বলেন, দাতাদের শর্ত পূরণে সরকারের ব্যর্থতার কারণে সাহায্য প্রবাহ কমে গেছে।
তিনি বলেন, ১০ থেকে ১৫ শতাংশ দুর্নীতি কমানোর মাধ্যমে দেশ সহজেই বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনতে পারে।
ড. আতিউর রহমান বলেন, চলতি বছরটি নির্বাচনের বছর হওয়ায় আগামী মাসগুলোতে দাতাদের সাহায্য ছাড় উল্লেখযোগ্য হারে হ্রাস পেতে পারে।
তিনি বলেন, প্রদত্ত সাহায্যের অপব্যবহারের আশঙ্কায় দাতারা তাদের প্রতিশ্র“ত অর্থ ছাড় দিতে সংকোচ অনুভব করবে।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান এর আগে ফেব্র“য়ারি মাসে জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশনকালে বলেছিলেন, বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরশীলতা হ্রাস করতে কর প্রশাসন শক্তিশালী করার মাধ্যমে সরকার অভ্যন্তরীণ খাত থেকে আয় বাড়ানোর চেষ্টা করছে।
অর্থমন্ত্রী বলেছিলেন, সরকার চলতি অর্থবছরে ২২ দশমিক ৮৬ শতাংশ বেশি রাজস্ব আদায় করবে বলে আশা করেছে।
উল্লেখ্য, ২০০৪-২০০৫ ও ২০০৩-২০০৪ অর্থবছরে রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছিল যথাক্রমে ১৯ দশমিক ৭০ শতাংশ ও ১২ দশমিক ৩০ শতাংশ।
