২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের শিল্পপতি জামাল উদ্দিনের কংকাল দাফন, ঘাতক বিএনপি সাংসদ ও তার ভাইয়ের বিচার দাবি

শিল্পপতি ও বিএনপি নেতা জামালউদ্দিনের কংকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে তার আনোয়ারা উপজেলার পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2006, 08:24 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

এর আগে চট্টগ্রাম শহর থেকে তার কফিন গ্রামের বাড়ি নেয়ার পথে মহসীন আউলিয়ার মাজার ও জেবিসি উচ্চ বিদ্যালয় মাঠে পৃথক পৃথক নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

অন্যদিকে বিএনপি নেতা জামালউদ্দিন চৌধুরী অপহরণ ও হত্যার সাথে জড়িত বিএনপির সাংসদ সরওয়ার জামাল নিজাম ও তার ছোট ভাই মারুফ জামালের বিচারের দাবিতে কয়েক শ’ গ্রামবাসী এলাকায় মিছিল বের করে।

সিআইডি পরিদর্শক ও অপহরণ মামলার তদন্তকারী কর্মকর্তা আনোয়ার হোসেন জানিয়েছেন, এ ব্যাপারে পৃথক একটি হত্যা মামলা দায়ের করা হবে। ওই মামলায় শিগগিরই চার্জশিট দাখিল করা হবে।

চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতি ও বিএনপি নেতা জামালউদ্দিন চৌধুরী ২০০৩ সালের ২৩ জুলাই অপহৃত হন। অপহরণের কিছু দিন পর তাকে নির্মমভাবে হত্যা ও তার লাশ গুম করা হয়।

হত্যা মামলার অভিযুক্তদের গ্রেপ্তারের পর তাদের স্বীকারোক্তি অনুযায়ী দূর্গম এলাকা থেকে তার কংকাল উদ্ধার করা হয়।