২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের ক্রসফায়ারে খুলনায় জনযুদ্ধের আঞ্চলিক নেতা টিপু নিহত

খুলনার ডুমুরিয়া উপজেলার গোনালী গ্রামে মঙ্গলবার ভোর রাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) ক্রসফায়ারে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধ) আঞ্চলিক নেতা আসাবুর খান টিপু (২৭) নিহত হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2006, 05:56 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

নিহত সন্ত্রাসী টিপু রুপসা উপজেলার বাগমারা গ্রামের মোঃ আকরাম খানের ছেলে।

র‌্যাব- ৬ সূত্র জানায়, শীর্ষ সন্ত্রাসী আসাবুর খান টিপুকে নগরীর সোনাডাঙ্গা এলাকা থেকে গ্রেপ্তারের পর র‌্যাব কার্যালয়ে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে সে অস্ত্র ও তার সহযোগীদের সম্পর্কে ব্যাপক তথ্য দেয়। তার দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার গভীর রাতে র‌্যাবের একটি বিশেষ দল তাকে নিয়ে ডুমুরিয়া উপজেলায় অভিযানে বের হয়। অভিযানকালে গোনালী গ্রামে আগে থেকে ওঁৎ পেতে থাকা টিপুর সহযোগীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়।

এসময় টিপু র‌্যাব হেফাজত থেকে পলানোর চেষ্টা করলে ক্রসফায়ারে তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে র‌্যাব একটি শর্টগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে।

এ ঘটনায় ডুমুরিয়া থানায় একটি মামলা হয়েছে।