বরিশালের কীর্তনখোলা নদীতে নিমজ্জিত ট্রলার ১৬ ঘন্টা পর উদ্ধার
বরিশালের চরমোনাই’র কীর্তনখোলা নদীতে নিমজ্জিত ট্রলার ১৬ ঘন্টা পর মঙ্গলবার দুপুরে উদ্ধার করা হয়েছে।
বিআইডব্লিউটি’র উদ্ধারকারী জাহাজ হামজা মঙ্গলবার দুপুর ১টার দিকে স্টিল বডির ট্রলারটি উদ্ধার করে। উদ্ধারের সময় ট্রলরটিতে কোনও লাশ পাওয়া যায়নি।
পুলিশ সূত্র জানায়, কেউ নিখোঁজ রয়েছে এমন খবর জানা যায়নি।
এদিকে বিআইডব্লিউটি-এর বরিশাল অফিস জানায়, ওই ট্রলারটি বরিশাল-মেহেন্দিগঞ্জ রুটে চলাচল করত। চরমোনাইয়ে মাহফিল উপলক্ষে ট্রলারটি বরিশাল-চরমোনাই রুটে যাত্রী পরিবহন শুরু করে। ট্রলারটির রুট পারমিট ছিল না বলে জানা গেছে।
প্রসঙ্গত: সোমবার সকাল ৯টার দিকে প্রায় আড়াইশ’ যাত্রী নিয়ে ট্রলারটি কীর্তনখোলা নদীতে ডুবে যায়। ঘটনার পর এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
