২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে ধর্ম নিরপেক্ষতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

সেন্টার ফর ইনকোয়ারি’র অন্যতম উপদেষ্টা অস্টিন ডেসি বলেছেন, ধর্মনিরপেক্ষতার অর্থ ধর্মহীনতা নয়। ধর্ম নিরপেক্ষতা হল সকল ধর্মের স্বাধীনতা । রাষ্ট্র থেকে ধর্ম আলাদা। রাষ্ট্র কখনও ধর্মের বিষয়ে হস্তক্ষেপ করেনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2006, 08:51 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

বেসরকারি সংগঠন বিলিয়া মিলনায়তনে সোমবার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত ‘মৌলবাদের বিরুদ্ধে বিশ্বের ধর্মনিরপেক্ষ মানবতাবাদীদের ঐক্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান বক্তার ভাষণে অস্টিন ডেসি এ কথা বলেন।

অধ্যাপক কবীর চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক শাহরিয়ার কবির, ড. অজয় রায়, বিচারপতি কেএম সোবহান, প্রাক্তন সচিব ও রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল।

রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান বলেন, বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা ধর্মভিত্তিক রাজনীতি। এ সমস্যা এখন দেশে প্রকট আকার ধারণ করেছে। এখন ধর্মকে পুঁজি করেই সব ধরণের সহিংসতার ঘটনা ঘটছে। কিন্তু ধর্ম কখনও সহিংসতায় রূপ নিতে পারেনা।

অধ্যাপক কবীর চৌধুরী বলেন, রাজনৈতিক দলগুলো ধর্মকে ঘিরে তাদের ফায়দা লুটছে। কিন্তু ধর্ম কখনও রাজনীতির অঙ্গ হতে পারেনা। সবাই সবার ধর্ম অনুসরণ করবে। কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করতে পারেনা।

তিনি আরো বলেন, ধর্মনিরপেক্ষতা ও মানবতাবাদ আলাদা নয়। মানবতাবাদকে উন্নত করতে পারলে ধর্মকে কেন্দ্র করে রাজনীতির মনোভাব কমে যাবে। আবার ধর্মনিরপেক্ষ মনোভাব বাড়ালে মানবতাবাদে বলীয়ান হওয়া সম্ভব।

বক্তারা আরো বলেন, দেশে এখন যে জেএমবি নিয়ে ব্যাপক আলোচনা তাদের আন্তর্জাতিক নেটওয়ার্ক সূদুরপ্রসারী। এ মৌলবাদী শক্তি আন্তর্জাতিকভাবে নিজেদের পরিচিতি এবং সম্পর্ক প্রসারিত করে চলেছে। তারা ধর্মকে বাণিজ্য করে সহিংস পথে এগিয়ে চলেছে। যা কোনো মানবতার পথ হতে পারেনা। কারণ ধর্ম সবার নিজস্ব মতভঙ্গি।