বিদ্যুৎ সংকট অব্যাহত; জনগণের ভোগান্তি চরমে
গোটা দেশের মানুষ বিশেষ করে রাজধানীবাসী রোববার সারাদিন প্রায় বিদ্যুতহীন কাটিয়েছেন। ইদানিং বিদ্যুৎ না থাকায় বিষয়টি প্রায় নিয়মিত হতে বসেছে।
পিডিবি কর্মচারিরা জানান, রাজধানী ঢাকায় পিকআওয়ারে ১৫০০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে রোববার কর্তৃপক্ষ মাত্র ১১০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পেরেছে। আর এটা করতে গিয়েও কর্তৃপক্ষকে রাজধানীর কোন কোন এলাকা একদম বিদ্যুতহীন করে রাখতে হয়েছে।
বিদ্যুতের সংকট পানি সরবরাহ ব্যবস্থাকে মারাত্মকভাবে আক্রান্ত করেছে। মিরপুর-১২, পল্লবী, মিরপুর-১, কল্যাণপুর, মোহাম্মদপুর, মগবাজার, মালিবাগ ও খিলগাঁওসহ রাজধানীর অধিকাংশ এলাকাতেই প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহের অভাবের কারণে পাম্প ব্যবহার করে পানি উত্তোলন করা যায়নি।
রাজধানীতে ২১০ কোটি লিটারেরও বেশি পানির চাহিদা থাকলেও ওয়াসা কর্তৃপক্ষ ১৫০ কোটি লিটার পানি সরবরাহ করার ক্ষমতা রাখে। কিন্তু অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের কারণে পানি সরবরাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে বলে ওয়াসা সূত্র জানায়।
গ্রীষ্ম আসার আগেই দেশবাসী ইতোমধ্যে তীব্র বিদ্যুৎ সংকটের মুখে পড়েছে। লো ভোল্টেজের কারণে শিল্প কারখানায় উৎপাদন যেমন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, তেমনি জনগণের ভোগান্তিও চরমে পৌঁছে গেছে। রোববার পিকআওয়ারে সারাদেশে বিদ্যুৎ ঘাটতি ছিল ১১০০ মেগাওয়াট।
