২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভবন ধস: উদ্ধার অভিযান চলছে

নগরীর তেজগাঁও শিল্প এলাকায় শনিবারের বহুতল ভবন ধসের দ্বিতীয় দিনে উদ্ধার অভিযান চলছে। ওই ঘটনায় এ পর্যন্ত ১৮ জন নিহত ও ৫০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে নয়জনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2006, 05:23 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধারকারীরা ধ্বংসস্তুপের ভিতর প্রবেশ করতে পারলেও এখনও পর্যন্ত তারা কোনও লাশ উদ্ধার করতে পারেনি।

নিহতদের মধ্যে তিনজন মহিলা ও একটি শিশু রয়েছে।

নিহতরা হল-বিল্লাল হোসেন, শাজাহান (১), শাজাহান (২), স্বপন, সাহেলা, আমেনা বেগম, আব্দুর রশিদ পাপ্পু, নবীউল্লাহ, বিল্লাল।

উদ্ধার অভিযান পরিচালনাকারী সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল নিজাম আহমেদ সাংবাদিকদের বলেন, বাইপাইলে গার্মেন্টস ভবনের তুলনায় ফিনিক্স ভবন ধস অনেক বেশি ধ্বংসাত্মক।

তিনি আরও বলেন, উদ্ধার অভিযান শেষ করতে আরও চার দিন সময় লাগবে। ব্রিগেডিয়ার জেনারেল নিজাম আরও বলেন, আমরা এখন পর্যন্ত ১৮টি মৃতদেহ উদ্ধার করতে পেরেছি।

এদিকে রোবারও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন অব্যাহত রেখেছেন।

১৪ দলের নেতারা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলের নেতৃত্বে রোববার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা সেখানে বেশ কিছুক্ষণ থেকে উদ্ধার অভিযান প্রত্যক্ষ করেন।

স্থানীয় এমপি মোসাদ্দেক আলী ফালু রোববার ঘটনার ২৪ ঘন্টা পর একজনকে জীবিত উদ্ধারের ঘটনা প্রত্যক্ষ করেন।

এদিকে পুলিশ শনিবার রাতে ধসে যাওয়া ভবনের ম্যানেজারকে (ফাইন্যান্স) গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, দুর্ঘটনাস্থল থেকেই শনিবার রাতে ব্যবস্থাপক (অর্থ) শেখ রেজাউল করিম ফারুককে গ্রেপ্তার করা হয়। ওই অনুনোমদিত ভবন নির্মাণ ও প্রাণহানি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও এ পর্যন্ত ফিনিক্স ভবনের মালিক দীন মোহাম্মাদকে গ্রেপ্তার করা যায়নি।

সেনাবাহিনীর ৪৬ ব্রিগেডের মেজর নাসের বিডিনিউজকে বলেন, আমরা এখনও কারো কাছ থেকে কোনও নিখোঁজের রিপোর্ট পায়নি, সে কারণে আর কোনও মৃত্যুর আশঙ্কা করছি না।

এদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর রোববার বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফিনিক্স টেক্সটাইলের মালিককে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছে।

সাভারের স্পেকট্রাম গার্মেন্টেস এর মালিকের গ্রেপ্তারের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, গার্মেন্টস ও ভবনের মালিক যারা দুর্ঘটনার জন্যে দায়ী তাদেরকে গ্রেপ্তার করা হয়নি, একথা সত্যি নয়।

মন্ত্রী চট্টগ্রামের কেটিএস টেক্সটাইলে অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করার কথা উল্লেখ করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রলায় বৈঠকের পর মন্ত্রী সাংবাদিকদের বলেন, তেজগাঁও এবং সাভারের মত ভবন ধস মোকাবেলা করতে ফায়ার ব্রিগেডের কাছে অত্যাধুনিক যন্ত্রপাতির অভাব রয়েছে।

তিনি বলেন, এ ব্যাপারে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের একটি প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এ ধরনের মানবিক বিপর্যয়ের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে মন্ত্রী আদর্শ ভবন নির্মাণ কোড নিশ্চিত করতে পার্লামেন্টে ভবন নির্মাণ (সংশোধনী) বিল ২০০৬ প্রস্তাবের কথা উল্লেখ করেন।

এর আগে তেজগাঁও থানার সাব ইন্সপেক্টর (এসআই) খলিলুর রহমান বাদি হয়ে ফিনিক্স ভবন ধস ট্রাজেডির জন্যে দায়ী ও সিটি ব্যাংকের মালিক দীন মোহাম্মদসহ সাতজনকে দায়ী করে একটি মামলা দায়ের করেন।

মামলায় অন্যান্য অভিযুক্ত হলেন-শোয়েবুর রহমান, এম এ মজিদ, ড. জাহাঙ্গীর আলম, এস এ হাসান, দেলোয়ার হোসেন এবং সিরাজুল ইসলাম।

ক্রিমিনাল প্রসিডিউর কোডের ৩৮২ ধারার আওতায় দায়েরকৃত মামলার বাদি এসআই খলিলুর বলেন, দায়িত্বে অবহেলার কারণে দুর্ঘটনাটি ঘটেছে এবং ভবনটির মালিক শ্রমিকদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে।