‘ফুলবাড়ী কয়লা প্রকল্প: ভূমি ব্যবস্থাপনা ও উন্নত প্রযুক্তির কারণে দীর্ঘমেয়াদে কৃষি উৎপাদন বর্তমানকে ছাড়িয়ে যাবে’
প্রস্তাবিত উন্মুক্ত খনন পদ্ধতির কারণে দিনাজপুর জেলার ফুলবাড়ী অঞ্চলে কৃষি উৎপাদন দীর্ঘমেয়াদে বৃদ্ধি পাবে বলে রোববার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে।
এতে বলা হয়, জমির পুনর্বাসন এবং উন্নত কৃষি পদ্ধতি প্রয়োগের ফলে ফুলবাড়ীতে এশিয়া এনার্জির উন্মুক্ত খনন পদ্ধতিতে খনি উন্নয়নের ১৫ বছরের মধ্যে কৃষিজমির উৎপাদন ক্ষমতা ফিরে আসবে। দীর্ঘমেয়াদে কৃষি উৎপাদন হবে আরো লাভজনক।
‘কৃষিতে খনিকাজের প্রভাব’ শীর্ষক গবেষণা ভিত্তিক প্রতিবেদনটিতে পূর্বাভাস দেওয়া হয়, খনি উন্নয়ন শুরুর ১৫ বছর পর আজকের শুধু কৃষকের নিজস্ব চাহিদা পূরনের জন্যে কৃষি উৎপাদনের চিত্র পরিবর্তিত হয়ে উৎপাদনে নিট লাভ হবে এবং খনির পূর্ন মেয়াদে মোট বৃদ্ধির পরিমাণ দাঁড়াবে প্রায় ১,৫৪৪ মিলিয়ন টাকা (২৩ মিলিয়ন মার্কিন ডলার)।
রিপোর্টে আরো বলা হয় ‘কৃষি পণ্যের সর্বাধিক ঘাটতি হবে প্রথম ১০ বছর এবং লাভ-ক্ষতি এক সমান হবে-অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্ট হবে ১৫ বছরের মধ্যে।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত কৃষি গবেষণা ও উন্নয়ন কনসালটেন্ট ডঃ ক্রিস জোহানসেন এবং সেচ প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ সানি এশিয়া এনার্জি কর্পোরেশন (বাংলাদেশ) পিটিওয়াই লিমিটেডের জন্যে গবেষণাটি পরিচালনা করেন। খনি উন্নয়নে কোম্পানির সামাজিক ও পরিবেশগত প্রস্তুতির অংশ হিসেবে এই স্টাডি করা হয়।
বিশেষজ্ঞরা খনির আওতাভুক্ত ৫,১৯২ হেক্টর জমি যার অধিকাংশ কৃষিযোগ্য জমি এবং পানি নিয়ে এই পর্যালোচনা করেন। খনি কার্যক্রমের অগ্রগতির সাথে সাথে এই জমি উৎপাদন কাজে পুনরায় ব্যবহারে ফিরিয়ে আনা হবে। খনির জন্যে প্রয়োজনীয় ৫,৯৩৩ হেক্টরের অবশিষ্ট অংশে কৃষিকাজ করা হয় না-এগুলো প্রধানতঃ রাস্তা, রেলপথ এবং বাসস্থান।
তারা খনি বাস্তবায়নকালে সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত কৃষিপণ্যের বর্তমান বার্ষিক মূল্য ২০৬ মিলিয়ন টাকা (৩ মিলিয়ন মার্কিন ডলার) বলে হিসাব করে বের করেছেন।
কয়লা উত্তোলনের জন্যে যে জমি অধিগ্রহণ করা হবে তা পর্যায়ক্রমে ভরাট করা হবে। এক্ষেত্রে খনির ৩৮ বছরের পূর্ণ মেয়াদকালে খনি এলাকায় কৃষিপণ্যের উৎপাদনের মোট ক্ষতির পরিমাণ অনুমান করা হয় ৭,০২২ মিলিয়ন টাকা (১০৫ মিলিয়ন মার্কিন ডলার)।
প্রতিবেদনে বলা হয়, খনির পার্শ্ববর্তী এলাকার কৃষকদের উৎপাদন ক্ষমতা ১৫ বছরের মধ্যে তাদের ক্ষতিগ্রস্ত উৎপাদনের ক্ষতিপূরণে সক্ষম হবে। উল্লেখ্য, খনির ভরাটকৃত অংশে চাষের জন্যে কৃষকদের উন্নত কৃষিপদ্ধতি প্রয়োগ ও দ্রুত বর্ধনশীল গ্রীষ্মমণ্ডলীয় বিচালি, ঘাস, শিম বা মটরজাতীয় বীজের গাছ এবং অন্যান্য গাছ চাষে সহযোগিতা করা হবে।
খনির পূর্ণমেয়াদে খনি সংলগ্ন এলাকায় এবং ভরাটকৃত অংশে উন্নত প্রযুক্তিতে কৃষি উৎপাদনের অনুমিত মূল্য হবে ১,৫৩২ মিলিয়ন টাকা (২৩ মিলিয়ন মার্কিন ডলার) যেখানে ভরাটকৃত জমি ও অতিরিক্ত স্তুপকৃত মাটিতে গবাদি পশুর খাদ্য, গাছপালা, ও কৃষিজাত পণ্যের মোট মূল্য ৭,০৩৪ মিলিয়ন টাকা (১০৫ মিলিয়ন মার্কিন ডলার)।
প্রথাগত কৃষি উৎপাদনে যদিও ৭,০০০ মিলিয়ন টাকা পর্যন্ত ক্রমবর্ধমান ক্ষতি হবে, খনির ৩৮ বছর পূর্ণ মেয়াদে উন্নত কৃষি প্রযুক্তিতে বর্ধিত কৃষি উৎপাদন ও খনির পূনর্বাসন এলাকায় বিচালি ও গাছপালা উৎপাদন ক্ষতিপূরণের চেয়েও অনেক বেশী হবে বলে রিপোর্টে জানানো হয়।
দিনাজপুর জেলার পার্বতীপুর, নবাবগঞ্জ, বিরামপুর ও ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় এ গবেষণার জন্যে জরিপ চালানো হয়। এসব এলাকার কৃষকদের সাথে সাক্ষাতকারের ভিত্তিতে কৃষিজাত পণ্যের মূল্যমান নির্ধারণ করা হয় এবং স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও অন্যান্য সরকারি অফিস থেকে বেসলাইন তথ্য সংগ্রহ করা হয়।
এশিয়া এনার্জি বলেছে, তারা খনি এলাকার কৃষকদের সহায়তা করতে অঙ্গীকারবদ্ধ এবং ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে বেশকিছু কৃষি প্রকল্পের কাজ শুরু করেছে যার মধ্যে রয়েছে শস্য বহুমুখীকরণ এবং উচ্চ ফলনশীল শস্য ও স্বল্প সময়ে উৎপাদনযোগ্য অর্থকরী ফসলের চাষাবাদ ও স্থানীয় কৃষকদের বোঝানো কিভাবে নতুন প্রযুক্তির ব্যবহার করে তারা তাদের আয় উল্লেখযোগ্য হারে বাড়াতে পারে।
কোম্পানিটি ইতোমধ্যে পরিবেশগত ছাড়পত্র পেয়েছে এবং ফুলবাড়ী কয়লাক্ষেত্র উন্নয়নের জন্যে সরকারের চুড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রাথমিকভাবে এ বছরের শেষ দিকে খনির কাজ শুরুর সময় নির্ধারণ করা হয়েছে এবং ২০০৮ সালে প্রথম কয়লা উৎপাদনের আশা করা হচ্ছে। ২০১৩ সালের মধ্যে খনি থেকে পূর্নমাত্রায় (বছরে ১৫ মিলিয়ন টন) কয়লা উত্তোলনের পরিকল্পনা করা হয়েছে।
এশিয়া এনার্জি খনিতে দুই বিলিয়ন মার্কিন ডলার এবং ৫০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্যে আরও অতিরিক্ত ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে।
